Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেতু তৈরির জন্য চূর্ণী নদীতে বসানো হয়েছে ২১টি পিলার

সেতু তৈরির জন্য চূর্ণী নদীতে বসানো হয়েছে ২১টি পিলার
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: গোটা রানাঘাট মহকুমা লাইফলাইন তো বটেই, চূর্ণী নদী সমগ্র নদীয়া জেলার পরিবেশ বৈচিত্র্যের অন্যতম অঙ্গ। অথচ সেই নদীর উপর খাড়া হয়েছে অদ্ভুত এক সেতু। জলের গতিপথ বাঁচিয়ে সেতু তৈরির বদলে নদীবক্ষের উপর পুঁতে দেওয়া হয়েছে ২১টি পিলার! বিরল ইঞ্জিনিয়ারিংয়ের নজির বললেও যা কম বলা হয়। এর ফলস্বরূপ ফি বর্ষায় ক্রমশ গতিরুদ্ধ হচ্ছে চূর্ণী। 

Advertisement

বেশ কয়েকবছর আগে রানাঘাট ১ ব্লকের অনুলিয়া এবং মাজদিয়া এলাকাকে জুড়তে চূর্ণী নদীর উপর দিয়ে একটি ব্রিজ তৈরি হয়। বেশ কয়েক কোটি টাকা ব্যয় করে সেই সেতু তৈরি করেছিল সেচদপ্তর। কাজ সমাপ্ত হওয়ার পর চালুও হয় সেই ব্রিজ। কিন্তু দেখা যায়, এক অদ্ভুত ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে সেই সেতু তৈরি হয়েছে। জলের গতিপথ বাঁচানোর পরিবর্তে নদীবক্ষের উপর ২১টির বেশি পিলার ব্যবহার করে তৈরি হয়েছে সেতু। তাই দেখে তাজ্জব পরিবেশ কর্মী থেকে নদী বিশেষজ্ঞরা। কারণ আড়ংঘাটায় চূর্ণী নদীর উপর সেতু তৈরি হলেও তাতে নদীবক্ষে একটিও পিলার দেওয়া হয়নি। ফলে সেখানে চূর্ণির স্বাভাবিক গতিপথ বজায় রয়েছে। অথচ মাজদিয়ার ক্ষেত্রে এতগুলো পিলারের কারণে প্রতি বছর ধীরে ধীরে নাব্যতা হারাচ্ছে চূর্ণী নদী। দূর থেকে বয়ে আসা পলি থমকে যাচ্ছে পিলারের ভিড়ে। আটকে থাকছে কচুরিপানাও। পরিবেশপ্রেমীরা বলছেন, এইভাবে চলতে থাকলে ক্রমশ ওই অঞ্চলে চূর্ণী নদী মজে যাবে। এমনকী বাস্তবে এমন সম্ভাবনা দেখাও দিয়েছে। স্থানীয়রা বলছেন, গত কয়েক দিনের বৃষ্টিতে ব্রিজের নীচে জলের গতি অনেকটাই কম। এছাড়াও দুই পাড় ধরেও ক্রমশ পলি জমে সরু হয়ে আসছে নদী। 
কী বলছেন বিশেষজ্ঞরা? দক্ষিণবঙ্গের অন্যতম নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকার বলেন, বোঝাই যাচ্ছে ব্রিজ নির্মাণের খরচ কমানোর জন্য একাধিক পিলার দেওয়া হয়েছে। তাও আবার একেবারে নদীর বুকের উপর। এই পদ্ধতিতে ব্রিজ নির্মাণের ফলে নদীর ব্যাপক ক্ষতি হচ্ছে। কয়েকটি বর্ষার পরেই ব্রিজের কাছে নদীখাতের গভীরতার সমস্যা হবে। পরিবেশ বৈচিত্র্য বিঘ্নিত হবে। অন্যদিকে, প্রশাসন কী ভাবছে? রানাঘাটের মহকুমা শাসক ভরত সিং বলেন, আমি নিজে একটি সার্ভে করাব বিষয়টি নিয়ে। যদি দেখা যায় নদীবক্ষে সমস্যা হচ্ছে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পিলারের আশপাশে ডিসেল্টিং করানো যায় কি না, সে বিষয়ে জিজ্ঞাসা করব। অথবা নিয়মিত সেই কাজ করানো সম্ভব কি না সেই বিষয়েও আলোচনার পথে হাঁটব।

Advertisement
সম্পর্কিত সংবাদ