মুম্বই: বৃহন্মুম্বই পুরনিগমের অন্তত ২০৭ জন অফিসার এবং কর্মচারী দুর্নীতিতে জড়িত। তাঁদের বিরুদ্ধে অ্যান্টি কোরাপশন ব্যুরো (এসিবি) তদন্ত চালাচ্ছে। অথচ দুর্নীতিপরায়ণ এই বিএমসি কর্মচারীর মধ্যে ১১২ জন বহাল তবিয়তে চাকরি করে চলেছেন। ৬৮ জন অফিসার মামলা ঝুলে থাকা অবস্থাতেই স্বাভাবিক অবসর গ্রহণ করেছেন। এসিবির এক আরটিআই তথ্যেই এই রিপোর্ট মিলেছে। তারপর থেকেই বিএমসির দুর্নীতি নিয়ে সরব নানা মহল। ওই রিপোর্টে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিএমসির কর্মচারীদের নিয়ে তথ্য দেওয়া রয়েছে। সেই নিরিখে পুরনিগমের প্রায় ৮৭ শতাংশ কর্মচারীই দুর্নীতিতে অভিযুক্ত। তারপরও কীভাবে বিএমসির কাজকর্ম চলছে তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে এসেছে। দি ইয়ং হুইসলব্লোয়ার ফাইন্ডেশনের তরফে ওই আরটিআই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। ওই সংস্থার কর্মী জিতেন্দ্র ঘাদগে বলেন, ২০৭ জন কর্মচারীর মধ্যে শুধুমাত্র ২৭ জনকে সাসপেন্ড করা হয়। ১১২ জন চাকরি করছেন এবং ৬৮ জন অবসর নিয়েছেন। তবে মামলার তদন্ত শেষ হয়নি। এসিবির তদন্ত শেষের নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত। মহারাষ্ট্র সরকার যাতে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে বিশেষ কমিটি গঠন গড়ে নিরপেক্ষ তদন্ত শুরু করে, সেই দাবি করেছেন জিতেন্দ্র।



