নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মোটরসাইকেল করে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া থানার কানাইপুরে। মৃতদের নাম ওমকার সোনি (২৫) ও সুকেশ মণ্ডল (২৬)। দু’জনেরই বাড়ি উত্তরপাড়ার কানাইপুরের রায়পাড়ায়। দু’জনই পেশায় মার্বেল মিস্ত্রি। পুলিস দেহ দু’টি উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মঙ্গলবার গভীর রাতে মোটরসাইকেল নিয়ে কোনও কাজে কানাইপুরের বাড়ি থেকে ডানকুনির দিকে যাচ্ছিলেন ওই দুই যুবক। আচমকা পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ছিটকে পড়েন দু’জনে। পুলিস তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই দু’জনের মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। এক্ষেত্রে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। ট্রাকটির খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা।



