নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: জামবনী ব্লকে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম তাপস দাস (২৮) ও সৌরভ নাথ (২৪)। দু’ই যুবকের বাড়ি বিনপুরের থানার এড়গোদা ও জামবনীর বিজরাবাঁন্ধী গ্ৰামে। শনিবার রাতে শিলদা এলাকায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন শুনে বাড়ি ফেরার পথে জামবনীর ধড়সা-নারায়ণপুর রাস্তায় দূর্ঘটনা ঘটে। চিল্কিগড় গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
তাপস দাসের জেঠতুতো দাদা মোহিত দাস বলেন, গতকাল ভাই ও সৌরভ শিলদা এলাকায় হরিনাম সংকীর্তন শুনতে গিয়েছিল। রাত বারোটার সময় বাইক নিয়ে বাড়ি ফিরছিল। ডিগলপাহাড়ী জঙ্গলের রাস্তায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। জামবনী থানার পুলিসের কাছে খবর পেয়ে চিল্কিগড় হাসপাতালে ছুটে যান পরিবারের সদস্যরা। চিকিৎসকরা দু'জনের মৃত্যু হয়েছে বলে জানায়। ভাইয়ের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। লরিচালকের কঠোর শাস্তি চাইছি। পরিবারটিকে প্রশাসন ক্ষতিপূরণের ব্যাবস্থা করে দিক। সৌরভ নাথের কাকা উত্তম নাথ বলেন, রাতে লরিগুলি বেপরোয়াভাবে চলাচল করে। কোনও নজরদারি নেই। যার জেরে দুটো তরতাজা প্রাণ চলে গেল। প্রশাসনের কাছে আমাদের আবেদন লরি চালকের যেন কঠোর শাস্তি হয়। জামবনী থানার পক্ষ থেকে জানানো হয়, লরিসহ চালকের সন্ধান চলছে। ধরা হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।