Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আরামবাগে দুধবাহী লরির ধাক্কায় ২ বছরের শিশুর মৃত্যু

আরামবাগে দুধবাহী লরির ধাক্কায় ২ বছরের শিশুর মৃত্যু
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ শহরে দুধবাহী লরির ধাক্কায় দু’বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম মির্জা রোহন আলি। তাঁর বাড়ি খানাকুল থানার ঘোষপুর পঞ্চায়েতের মালঞ্চ এলাকায়। বাইক আরোহী শিশুর বাবা ও মা জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ আরামবাগ শহরের গৌরহাটি মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। 

Advertisement

এদিন মালঞ্চ এলাকার বাসিন্দা মোজাহার আলি বাইকে স্ত্রী রূপা খাতুন ও ছেলেকে নিয়ে আরামবাগে আসেন। গৌরহাটি মোড় থেকে আরামবাগের বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গৌরহাটি মোড় সংলগ্ন একটি ব্যাঙ্কের সামনে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। বাইকে থাকা দম্পতি ও শিশু রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পুলিস তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জখম বধূকে কলকাতায় রেফার করা হয়। মোজাহার সাহেবকে ছেড়ে দেওয়া হয়। পুলিস জানিয়েছে, ঘাতক লরিটি আটক করা হয়েছে। মৃতের আত্মীয় আসরাফুল মল্লিক বলেন, দুর্ঘটনার সময় রাস্তার অন্য লেনে ছিলাম। ডাক্তার দেখাতে এসে মর্মান্তিকভাবে শিশুর মৃত্যু হয়েছে। বধূর পেটে ও হাতে গুরুতর আঘাত লেগেছে। 
উল্লেখ্য, আরামবাগ শহরে দুর্ঘটনা বাড়তে থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা। বেড়েছে ক্ষোভও। অফিস টাইমে গৌরহাটি মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তায় নিত্যদিন যানজট থাকে। তারসঙ্গে বেআইনি পার্কিংয়ের জেরেও রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। পুলিস বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানাও করছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ