নিজস্ব প্রতিনিধি, বারাসত: গন্তব্য ছিল ভিন রাজ্য! তার আগে দেগঙ্গায় ট্রাকে তোলা হচ্ছিল রেশনের চাল ও গম। কিন্তু রাজ্যের সীমানা পেরনোর আগেই পুলিশের অভিযানে ভেস্তে গেল পাচারের চেষ্টা। রবিবার সকালে দেগঙ্গার বেলিয়াঘাটা বাজারে হানা দিয়ে অন্ধ্রপ্রদেশের নম্বর প্লেট লাগানো দু’টি ট্রাক আটক করল পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় এক হাজার বস্তা রেশনের চাল এবং ২০০ বস্তা গম। ঘটনায় মোট ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিল করা হয়েছে ছ’টি গোডাউন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার বেলিয়াঘাটা বাজারে অন্ধ্রপ্রদেশের ট্রাকে সরকারি রেশনের চাল বোঝাই করে ভিন রাজ্যে পাঠানোর প্রস্তুতি চলছে বলে গোপন সূত্রে খবর আসে দেগঙ্গা থানায়। খবর পেয়ে দেগঙ্গার এসডিপিও আমিনুল ইসলাম খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। দু’টি ট্রাকে তল্লাশি চালাতেই মেলে সরকারি ছাপ দেওয়া ৫০ কেজির চালের বস্তা। সঙ্গে ছিল গমও। পরে ট্রাক দু’টি আটক করে পুলিশ। তদন্তে নেমে স্থানীয় গোডাউনগুলির খোঁজ পান পুলিশকর্মীরা। একে একে বেলিয়াঘাটা বাজারের ছ’টি গোডাউনে তল্লাশি চালানো হয়। সেখান থেকেও উদ্ধার হয় বিপুল পরিমাণ চাল ও গম। গোডাউনগুলি সিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে, শাসন থানার আইসি’র নেতৃত্বে কাচকল এলাকার একটি গোডাউনে তল্লাশি চালানো হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ফড়ে ও দালালদের মাধ্যমে রেশনের চাল-গম সংগ্রহ করে ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল। পিছনে বড়ো চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের মধ্যে সাইফুদ্দিন মণ্ডল অবশ্য পাচারের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, দু’বছর ধরে এই ব্যবসা করছি। ফড়েরা এসে আমাদের কাছে সরকারি চাল-গম দিয়ে যায়। আমরা সেগুলি বিক্রি করি। ভিন রাজ্যে পাচারের সঙ্গে আমরা যুক্ত নই। এনিয়ে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, রেশন সামগ্রী পাচারের সঙ্গে যারা যুক্ত, তাদের কাউকেই রেয়াত করা হবে না। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



