নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ আদালতে ছ’টির মধ্যে দু’টি বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ট্রায়াল কোর্ট বছরখানেক ধরে বিচারকশূন্য। এর ফলে ওই দুই আদালতে বহু গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার শুনানি থমকে রয়েছে। এনিয়ে বিচারপ্রার্থীদের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, ওই দুই আদালতে বিচারক না থাকার কারণে মামলার তারিখ পড়া ছাড়া আর কিছুই হচ্ছে না। এতে তাঁদের সময় ও অর্থ- দুইয়েরই ক্ষতি হচ্ছে। তাঁদের দাবি, অবিলম্বে এই এজলাসে বিচারক নিয়োগ করা দরকার। আদালতের সরকারি আইনজীবী অসীম কুমার বলেন, ওই দুই কোর্টের অধীনে রয়েছে কলকাতা পুলিসের ১৩টি থানার মামলা। এ বিষয়ে আদালত প্রশাসনের সঙ্গে কথা বলেও কাজ কিছু হয়নি। ফলে মামলার শুনানি থমকে রয়েছে। আমরা চাই, এই বিষয়ে জেলা জজ প্রয়োজনীয় পদক্ষেপ করুন।



