সংবাদদাতা, বিষ্ণুপুর: নির্মীয়মাণ বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ সেরে ফেরার সময় রবিবার রাতে গড়বেতার ভাটমারায় ৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক মহিলা সহ দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম মজিবর দিগার(৫৮) ও মনিলা দুলে(৪০)। মজিবরের বাড়ি গড়বেতা থানার বেনাচাপড়া গ্রামে। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। মনিলাদেবীর বাড়ি গড়বেতা থানার আমলাগোড়া এলাকার কর্কটডাঙা গ্রামে। তিনি গাড়ির ভিতরে বসে ছিলেন। ঘটনায় আরও ১৫জন জখম হন। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতা থানার বিভিন্ন গ্রাম থেকে মোট ২০ থেকে ২৫জন ঢালাই শ্রমিক একটি পিকআপ ভ্যানে আরামবাগের কামারপুকুর এলাকায় ঢালাইয়ের কাজ করতে গিয়েছিলেন। দিনভর সেখানে কাজ করার পর রাতে বাড়ি ফিরছিলেন। রাত ২টো নাগাদ গড়বেতা থানার ভাটমারা সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক গাড়ি থেকে নেমে সমস্যা খতিয়ে দেখছিলেন। হঠাৎ করেই বাঁকুড়া থেকে গড়বেতাগামী একটি ডাম্পার ওই পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে পিকআপ ভ্যান চালক মজিবরের মৃত্যু হয়। বাকিদের বিষ্ণুপুর হাসপাতালে আনা হয়। চিকিৎসক মনিলাদেবীকে মৃত বলে ঘোষণা করেন। জখমদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের অন্যত্র রেফার করা হয়। বাকিদের চিকিৎসা চলছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বিষ্ণুপুর জেলা হাসপাতালে মৃতদেহ দু’টির ময়নাতদন্ত হয়।
জখম দুই শ্রমিকের বাবা শামসুদ্দিন চৌধুরী বলেন, আমার ছেলেরা রাজমিস্ত্রির কাজ করে। প্রায়ই বাইরে কাজে যায়। রবিবার সেই রকমই কাজে গিয়েছিল। ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।
মৃত মনিলা দুলের এক আত্মীয় বলেন, আমি দুর্ঘটনার খবর পেয়ে বিষ্ণুপুর হাসপাতালে আসি। কিন্তু, ততক্ষণে সব শেষ হয়ে যায়।