নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ইনস্টাগ্রামে পরিচয়। সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই বিখ্যাত তারকা দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের টিকিট কেনার সুযোগ পেয়েছিলেন সল্টলেক এফ ডি ব্লকের এক যুবতী। বিশ্বাস করে ৪৭টি টিকিটের জন্য ২ লক্ষ ১৫ হাজার টাকা পেমেন্টও করে দেন। কিন্তু, টিকিট পাননি! টাকাও ফেরত পাননি। মাথায় হাত পড়েছে যুবতীর। দোষীদের গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের দাবিতে তিনি বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু হয়েছে।
আগামী ১৯ ডিসেম্বর সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে দিলজিৎ দোসাঞ্জের এই কনসার্ট হওয়ার কথা। অভিযোগকারিণী পুলিশকে জানিয়েছেন, গত ৫ অক্টোবর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। সে সল্টলেক স্টেডিয়ামে দিলজিতের কনসার্টের টিকিট দেওয়ার প্রস্তাব দেয়। ক্যাটাগরি অনুযায়ী টিকিটের দাম ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বলা হয়। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে আলোচনা করার পর তিনি ৪৭টি টিকিট কেনার সিদ্ধান্ত নেন। ব্যাংক ডিপোজিট এবং ইউপিআই মিলিয়ে পৃথক চারদিনে ছ’দফায় ২ লক্ষ ১৫ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু, টাকা পাওয়ার পরেও ইনস্টগ্রামের ওই ব্যক্তি কোনো টিকিট সরবরাহ করেনি! টিকিট অথবা টাকা ফেরত চেয়ে মহিলা বারবার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফোনের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেন। প্রাথমিকভাবে ১২ নভেম্বরের মধ্যে টিকিট দেওয়ার কথা ছিল। কিন্তু, পাননি।
অভিযোগপত্রে মহিলা পুলিশকে জানিয়েছেন, গত ২৫ নভেম্বর ওই ব্যক্তি তাঁকে আশ্বাস দেন, রাত ৯টার মধ্যে বকেয়া টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু, প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ফেরত না পাওয়ায় পরেরদিন ২৬ নভেম্বর বৃহস্পতিবার তিনি বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। এক পুলিশ আধিকারিক বলেন, ডিজিটাল তথ্য এবং টাকা পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তার ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করারও
চেষ্টা চলছে।



