Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রথের মেলা দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনা, মৃত ২ বন্ধু

বনগাঁতে রথের মেলা দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। পরিবারের আহাজারি, বিস্তারিত পড়ুন।

রথের মেলা দেখে বাড়ি ফেরার  পথে বাইক দুর্ঘটনা, মৃত ২ বন্ধু
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: রথের মেলা দেখে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগদা থানার কোনিয়াড়া দুর্গাপুর মোড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম আজিজ বিশ্বাস (১৮) ও নিতাই দেবনাথ (১৭)। তারা বাগদার করঙ্গ গ্রামের বাসিন্দা ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে বাইকে করে বনগাঁর গাঁড়াপোতায় রথের মেলায় এসেছিল দুই বন্ধু। রাত সাড়ে বারোটা নাগাদ বাইকে করেই বাড়ি ফিরছিল তারা। দুর্গাপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কদম গাছে ধাক্কা মারে তাদের বাইক। আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে দু’জনকেই মৃত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, আজিজ দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। এদিন বিকালে বাড়ি থেকে বেরিয়েছিল। রাত ১০টা নাগাদ মাকে ফোন করে বলেছিল, বাড়ি ফিরে ভাত খাবে। রাত বারোটার পর মায়ের কাছে খবর আসে, দুর্ঘটনা ঘটেছে। এই বিষয়টি নিয়ে আজিজের মা পাপিয়া বিশ্বাস বলেন, ছেলে যাওয়ার সময় কিছু বলে যায়নি। রাতে ফোন করে বলেছিল, বাড়ি ফিরে ভাত খাবে। এরপরই দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসে ছেলেকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। 

Advertisement

জানা গিয়েছে, নিতাই একটি গ্যারাজে কাজ করত। সেই বাইক চালাচ্ছিল। কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয় তাদের বাইক। তারপরই এই দুর্ঘটনা। এলাকাবাসীদের দাবি, দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না।

Advertisement
সম্পর্কিত সংবাদ