নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের পুলিসের জালে অনুপ্রবেশকারী। ধানতলা থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে দু’জন বাংলাদেশি নাগরিক। তাদের জিজ্ঞাসাবাদ করে এক ভারতীয় দালালকেও গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ধানতলা থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ধানতলা থানার কাছে বাংলাদেশি অনুপ্রবেশের খবর আসে। সেই মতো পুলিসের একটি বিশেষ দল অভিযান চালায় ধানতলা থানায় এলাকার দত্তপুলিয়া কালুপুর এলাকায়। এই দত্তপুলিয়া ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া। সেখান থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ধৃতদের নাম, মামুন মণ্ডল এবং মহম্মদ ইদ্রিস আলি। তারা দু’জনেই বাংলাদেশের ঝিনাইদহ জেলার বাসিন্দা। এরপর তাদের কাছ থেকে খোঁজ মেলে এক ভারতীয় দালালের। অভিযান চালিয়ে পুলিস কাঁকন মণ্ডল নামে পঞ্চাশোর্ধ আন্তর্জাতিক মানব পাচার চক্রের ওই দালালকেও গ্রেপ্তার করে। সে ধানতলা থানার দত্তপুলিয়ারই বাসিন্দা। তদন্তকারীরা জানতে পেরেছেন, শনিবার রাতেই দালাল কাঁকনের নেটওয়ার্ক ওই দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চোরাপথে এই দেশে আসতে সাহায্য করে। ভারতের মাটিতে পা দেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের মাটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা শুরু করে অনুপ্রবেশকারীরা। যদিও তার আগেই সমস্ত পরিকল্পনা বানচাল করে দেয় রানাঘাট জেলা পুলিসের ধানতলা থানা।



