Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রেলে চাকরি দেওয়ার নামে ৪১ লক্ষের প্রতারণা, লিলুয়ায় ধৃত ২

রেলে চাকরি দেওয়ার নামে ৪১  লক্ষের প্রতারণা, লিলুয়ায় ধৃত ২
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: রেলে আউশগ্রামের যুবককে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠল। তিন বছর ধরে দফায় দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্রও তুলে দেওয়া হয় যুবকের হাতে। তদন্তে নেমে সোমবার হাওড়ার লিলুয়া থেকে চক্রের দু’জনকে গ্রেপ্তার করে আউশগ্রাম থানার পুলিস। ধৃতদের নাম কল্যাণকান্তি দাস ও জয়ন্ত চক্রবর্তী। তাদের বাড়ি হাওড়ার  লিলুয়াতে। এদিন দু’জনকে বর্ধমান আদালতে তোলা হয়। 

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রামের বিল্বগ্রাম এলাকার বাসিন্দা মন্দিরা চট্টোপাধ্যায় ১১ এপ্রিল আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ জানান। তিনি তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁর স্বামী ছিলেন একজন অবসরপ্রাপ্ত রেলকর্মী। তাঁর নাতি আকাশ চট্টোপাধ্যায়কে রেলে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেয় ধৃত কল্যাণকান্তি। সে আকাশের পরিচিত ছিল। আউশগ্রামের বাড়িতে এসে কল্যাণ চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তারজন্য টাকা দাবি করে। ২০২১ সালের বিভিন্ন সময়ে দফায় দফায় দু’লক্ষ, তিন লক্ষ করে মোট ৪১ লক্ষ ৪৫ হাজার টাকা নেয় তারা। সেই টাকা জয়ন্তর অ্যাকাউন্টেও গিয়েছে।
অভিযোগ, এরপর চাকরি পাওয়া নিয়ে নানা মিথ্যে অজুহাত খাড়া করতে থাকে ধৃতরা। কখনও মন্দিরা দেবীকে বলে, তাঁর নাতি নাকি মেডিক্যাল পরীক্ষায় ফেল করেছে। পরে অবশ্য ভুয়ো নিয়োগপত্র ও পোস্টিং লেটার দেওয়া হয়। তারজন্য আরও আড়াই লক্ষ টাকা দাবি করে ধৃতরা। এরপর মন্দিরাদেবী টাকা না দিয়ে থানায় লিখিত অভিযোগ জানান। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিস। চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ