নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুলবাগানে এক প্রাতঃভ্রমণকারীর সোনার হার ছিনতাইয়ের কিনারা করল লালবাজার। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছেন লালবাজারের ছিনতাই দমন শাখার গোয়েন্দারা। ধৃতদের নাম, দীপেশ ঝা (২১) এবং রজত জয়সওয়াল (২১)। ধৃতরা গিরিশ পার্ক এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে লালবাজার জানতে পেরেছে, ৪ সেপ্টেম্বর সকাল সোয়া ছ’টা নাগাদ ফুলবাগান থানার ভিআইপি মার্কেটের সামনে বিপিনকুমার মোহতা প্রাতঃভ্রমণ করছিলেন। তখন ঝড়ের গতিতে বাইকে চেপে এসে তিনজনের এক দুষ্কৃতী দল তাঁর গলায় থাকা ৩০ গ্রাম ওজনের সোনার হার ছিনতাই করে পালায় বলে অভিযোগ। বিপিনকুমার মোহতার অভিযোগের তদন্তে নেমে সোর্স ও সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে লালবাজারের গোয়েন্দারা হাওড়া থেকে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া সোনার হারটিও উদ্ধার করেছে লালবাজার। তবে এই ঘটনায় এখনও একজন পলাতক।



