সংবাদদাতা, কাটোয়া: দাঁইহাট শহরের চরপাতাইহাটে গৃহস্থের বাড়ির শোয়ার ঘর থেকে ১৯টি গোখরো সাপ উদ্ধার হল। দিনের পর দিন ওই ঘরেই পরিবারটি ঘুমাত। মঙ্গলবার সকালে কাটোয়া বনদপ্তরের কর্মীরা গিয়ে মাটির বাড়ির দেওয়াল ভাঙতেই ফনা তুলে বেরিয়ে আসে একের পর এক গোখরো সাপ। হিসহিস শব্দ শুনে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। কাটোয়া বনদপ্তরের রেঞ্জার শিবপ্রসাদ সিনহা বলেন, সাপগুলি উদ্ধার করা হয়েছে। এতগুলি সাপ সেখানে কীভাবে বাসা বেধেছে দেখে আমরা চমকে গিয়েছি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাঁইহাট শহরের চরপাতাইহাট এলাকায় রতন মিত্রের মাটির বাড়ি। তিনি একটি মুদিখানায় কাজ করেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে, স্ত্রীকে নিয়ে মাটির বাড়িতেই থাকেন। শোওয়ার ঘরের বাইরের দিকে দেওয়ালে একটি ইঁদুরের গর্ত ছিল। সোমবার রাতে ওই গর্ত থেকে একটি গোখরো সাপ বেরতে দেখেন তিনি। পরে আরও দু’টি সাপ দেখতে পান। এরপরই তিনি বনদপ্তরে খবর দেন। এদিন সকালে বনকর্মীরা গিয়ে ওই মাটির দেওয়াল ভেঙে ফেলেন। তারপরই চমকে যান গৃহকর্তা। এক-দু’টি নয়, ১৯টি বিষধর গোখরো সাপ বাসা বেঁধেছিল তাঁর শোওয়ার ঘরের মাটির দেওয়ালে। সেখান থেকে আরও ৩০টি সাপের ডিম উদ্ধার করেন বনকর্মীরা।
রতনবাবু বলেন, খুব আতঙ্কে রয়েছি। চোখে না পড়লে যে কোনও দিন বিপদ হতো। আমার ঘরের দেওয়ালেই ডিম পেড়েছিলো গোখরো। বনদপ্তর সাপ উদ্ধার করে নিয়ে গিয়েছে। আতঙ্কে ভুগছেন প্রতিবেশীরাও।-নিজস্ব চিত্র