Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রেড রোডে কুচকাওয়াজের মহড়ায় অসুস্থ ১৮ পড়ুয়া

স্বাধীনতা দিবস আসন্ন। সেই উপলক্ষ্যে রেড রোডে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

রেড রোডে কুচকাওয়াজের মহড়ায় অসুস্থ ১৮ পড়ুয়া
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবস আসন্ন। সেই উপলক্ষ্যে রেড রোডে চলছে চূড়ান্ত প্রস্তুতি। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুচকাওয়াজের মহড়া চলছে। সেখানেই মহড়া চলাকালীন অসুস্থ হয়ে পড়ল ১৮ জন স্কুল পড়ুয়া। তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যায় কলকাতা পুলিস। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর ১২ জনকে ছেড়ে দেওয়া হয়। ভর্তি রয়েছে ৬ জন স্কুল পড়ুয়া। 

Advertisement

পুলিস সূত্রে খবর, সোমবার ছিল মহড়ার ষষ্ঠ দিন। অন্যান্য দিনের মতোই সকাল ৫টায় শুরু হয় মহড়া। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে যোগ দেয়। মূলত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়ারা যোগ দিয়েছিল মহড়ায়।  এদিনের কুচকাওয়াজের মহড়া শেষ হয় সোয়া আটটা নাগাদ। এরপরে রেড রোডের ধারে ছাউনিতে বিশ্রাম নিতে যায় খুদে পড়ুয়ারা। তখনই একের পর এক স্কুল পড়ুয়া মূর্ছা যায়। আতঙ্কিত হয়ে পড়েন সঙ্গে থাকা অভিভাবকরা। রেড রোডেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন কলকাতা পুলিসের ময়দান থানা ও সাউথ ট্রাফিক গার্ডের অফিসাররা। খুদেদের আচমকা অসুস্থ হয়ে যাওয়ার ঘটনায় দ্রুত কলকাতা পুলিসের কর্মা অ্যাম্বুলেন্স ডাকা হয়। সেই অ্যাম্বুলেন্সে চাপিয়ে অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে। চিকিৎসকদের দাবি, ডিহাইড্রেশনে ভুগছে পড়ুয়ারা। তার জন্যই মূর্ছা যায় তারা। হাসপাতালে গ্লুকোজ দেওয়া হয় তাদের। প্রাথমিক চিকিৎসার পর ১২ জনকে ছেড়ে দেওয়া হয় ঘণ্টা দু’য়েকের মধ্যে। কলকাতা পুলিসের ডেপুটি কমিশনার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, ৬ জনের অবস্থা স্থিতিশীল। তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে এক স্কুলছাত্রীর মা বলেন, গত দু’বছর ধরেই আমার মেয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে। কিন্তু, আগের দু’বারই কোনও শারীরিক সমস্যা দেখা যায়নি। হঠাৎ এবারই কেন হল? আর ১৮ জন পড়ুয়ার একসঙ্গে কেন হল? তা নিয়ে রীতিমতো শঙ্কিত অসুস্থ ওই পড়ুয়ার মা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ