মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ৩ মাসেই তোলাবাজির ১৭০০ অভিযোগ! বিজেপির নেতা-মন্ত্রীদের বিস্ফোরক দাবিতে সিলমোহর
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: রাজ্যে পালাবদলের ছ’মাসের মধ্যেই তোলাবাজি ইস্যুতে বিদ্ধ শাসক বিজেপি। দলের নেতাদের বিরুদ্ধেই উঠছে অভিযোগ। ব্যতিব্যস্ত শীর্ষ নেতৃত্ব। স্বয়ং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে বারবার হুঁশিয়ারি দিয়েছেন— কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি তাঁর সরকারের। দুর্নীতি রুখতে তিনি টোল ফ্রি হেল্পলাইন নম্বরও চালু করেছেন। সেটা প্রায় সাড়ে তিনমাস আগে। ওই হেল্পলাইনের মাধ্যমে সরাসরি নবান্নে আসছে রাজ্যবাসীর অভিযোগ। আর তারই রিপোর্টে দেখা যাচ্ছে, গত ২৮ জুলাই থেকে এখনও পর্যন্ত শুধু মাত্র কাটমানি-সিন্ডিকেটরাজ নিয়েই অভিযোগের সংখ্যা প্রায় ১৭০০ (নির্দিষ্ট করে বললে ১৬৯৩)। তবে এফআইআর হয়েছে মাত্র ১১৩টি ক্ষেত্রে। গ্রেপ্তারের সংখ্যা ১১১। অভিজ্ঞ আমলাদের দাবি, আগাগোড়াই টোল ফ্রি নম্বরে যেমন গুরুতর কিছু অভিযোগ আসে, তেমনই প্রাথমিক খোঁজখবর করে প্রচুর দাবি ভিত্তিহীন বলেও প্রমাণিত হয়। আর সেই কারণে মোট অভিযোগের তুলনায় এফআইআর-এর সংখ্যা অনেকটাই কম বলেই দাবি রাজ্য প্রশাসনের একটি বড়ো অংশের। যদিও সেকথা মানতে নারাজ বিরোধীরা। তোলাবাজির অভিযোগ চেপে দেওয়ার চেষ্টা চলছে বলেই তাদের পালটা দাবি।

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত সাড়ে তিন মাসে টোল ফ্রি হেল্পলাইনে চারটি বিভাগ (কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার) মিলিয়ে মোট ৪,৭৪৯টি অভিযোগ এসেছে। ৪,১৫৮টি অভিযোগ খতিয়ে দেখে অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) জমা পড়েছে নবান্নে। যাচাই পর্বে ৩,৪৮৭টির ক্ষেত্রেই কোনো সারবত্তা খুঁজে পাওয়া যায়নি। বাকি ৬৭১টি অভিযোগ নিয়ে এফআইআর দায়ের হয়েছে। মোট গ্রেপ্তারির সংখ্যা ৬৫৪। হেল্পলাইনে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে অবৈধ মদের কারবার সংক্রান্ত। মোট ২,৭৪৫টি। সেগুলি খতিয়ে দেখে ৫৫৪টি এফআইআর দায়ের করা হয়েছে। ৫৩৮ জন ইতিমধ্যেই গ্রেপ্তার। তবে সেই পরিসংখ্যানকে ছাপিয়ে এখন কাটমানি-সিন্ডিকেটের অভিযোগ নিয়েই তোলপাড় চরমে। কারণ, নবান্নের পরিসংখ্যান অনুযায়ী, কাটমানি সংক্রান্ত ৯৪০টি অভিযোগের মধ্যে মাত্র ৪৯টি ক্ষেত্রে এফআইআর হয়েছে। ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিন্ডিকেট সংক্রান্ত ৭৫৩টি অভিযোগের মধ্যে এফআইআর হয়েছে ৬৪টি ক্ষেত্রে। আর গ্রেপ্তারির সংখ্যা ৭৭। বেআইনি টোল আদায়ের ৩১১টি অভিযোগ খতিয়ে দেখে মাত্র চারটি এফআইআর এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্নীতি ও তোলাবাজি বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। সেই লক্ষ্যেই চালু হয় হেল্পলাইন। তারপরও তোলাবাজি অব্যাহত রয়েছে বলে সম্প্রতি স্বীকার করেছেন স্বয়ং রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একই সুর শোনা গিয়েছে শাসকদলের একাধিক নেতৃত্বের গলায়। এমনকি সরকারি অন্নপূর্ণা-আবাস যোজনার উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাইক হাতে প্রচার করতে দেখা গিয়েছে বেলডাঙ্গার বিজেপি বিধায়ক ভরত কুমার ঝাওয়ারকে। মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে পূর্ব মেদিনীপুরে ৬ কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করিয়েছেন। মূলত সেই কারণে সরকারি টোল ফ্রি হেল্পলাইনে গত সাড়ে তিন মাসে আসা কাটমানি এবং সিন্ডিকেটরাজ সংক্রান্ত অভিযোগের পরিসংখ্যান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাটাছেঁড়া। ‘নীচুতলায়’ আসল ঘটনা ‘চেপে’ দেওয়ার প্রবণতার জেরেই এফআইআর কম, এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।