শ্রীনগর, ৩ অক্টোবর: জম্মু ও কাশ্মীরে আটক করা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের ১৭ বছরের এক কিশোরীকে। রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করায় তাকে আটক করা হয়েছে বলেই সূত্রের খবর। চলছে জিজ্ঞাসাবাদ। তবে নিরাপত্তা বাহিনীর প্রাথমিক অনুমান, ভুল করেই চলে এসেছে ওই কিশোরী।
সূত্রের খবর, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে তাকে এলওসি-র কাছে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায়। কাছে গেলে টহলরত বাহিনী ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, সে পাক অধিকৃত কাশ্মীরের খুইরেট্টা জেলার বাসিন্দা। ভারতীয় সেনার আধিকারিকদের দ্বারা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে তাকে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য নওশেরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কিশোরীর দাবি, সে ভুলবশত চলে এসেছে ভারতীয় ভূখণ্ডে। তবে আদৌ কিশোরী সত্যি বলছে নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো বড়ো ষড়যন্ত্র? তা তদন্ত করে দেখছে নিরাপত্তা বাহিনী।