Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সফল পুণ্ডিবাড়ির ১৭ প্রতিযোগী

ফের জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য কোচবিহার-২ ব্লকের খেলোয়ারদের

জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সফল পুণ্ডিবাড়ির ১৭ প্রতিযোগী
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাজীব বর্মন, দিনহাটা: ফের জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় নজরকাড়া সাফল্য কোচবিহার-২ ব্লকের খেলোয়ারদের। এ বছর অল ইন্ডিয়া ওপেন ফুল কন্ট্রাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কোচবিহারের পুণ্ডিবাড়ি ও আশপাশের এলাকা থেকে মোট ১৭ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। এর মধ্যে বিভিন্ন বিভাগে প্রথম হয়েছেন ১২ জন। এছাড়াও দ্বিতীয় হয়েছে তিনজন। তৃতীয় হয়েছে একজন। জাতীয় স্তরের প্রতিযোগিতায় একসঙ্গে এতজন পুরস্কার পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। 

Advertisement

এর আগে গত ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি বর্ধমানের রানিগঞ্জে রয়মা কাপ ন্যাশনাল ফুল কন্ট্রাক্ট ক্যারাটে টুর্নামেন্ট হয়। ওই প্রতিযোগিতায় পুণ্ডিবাড়ির ২১ জন প্রতিযোগী অংশ নিয়ে সকলেই পুরস্কার পেয়েছিল। এবারে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশ নেয় ১৭ জন। এদের মধ্যে ৬ বছরের কাথা ও বেসিক বিভাগে প্রথম হয়েছে দিশান বর্মন। এছাড়াও কুমেথে বিভাগে তৃতীয় হয়েছে সে। মেয়েদের ১০ বছরের কুমেথে বিভাগে প্রথম হয়েছে দিয়া বর্মন, দ্বিতীয় হয়েছে তনুজা সরকার। ছেলেদের ১০ বছরের কুমেথে বিভাগে প্রথম হয়েছে আয়ুষ রায়। ১২ বছরের কুমেথে প্রথম হয়েছে মেঘজিৎ রায়। ১৪ বছরের কুমেথে প্রথম ও তৃতীয় হয়েছে যথাক্রমে সায়ন দাস ও দেবজিৎ রায়। এদিকে, ১৫ বছরের মেয়েদের বিভাগে প্রথম হয়েছে সুষমা বর্মন, দ্বিতীয় পায়েল রায়, তৃতীয় শ্রাবন্তী রায়। ছেলেদের লাইট ওয়েট ৫৫ কেজি বিভাগে তৃতীয় হয়েছে তকময় বর্মন এবং মেয়েদের হেভিওয়েট বিভাগে দ্বিতীয় হয়েছে মৌসুমী রায়। 
ক্যারাটে প্রশিক্ষক সেনভি প্রীতম রায় বলেন, গত ২২ ও ২৩ আগস্ট খড়্গপুর ইন্ডোর স্পোর্টস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় অল ইন্ডিয়া ওপেন ফুল কন্ট্রাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬। সেখানে ঝাড়খণ্ড, ছত্রিশগড়, মুম্বই, ওড়িশা, পুনে, অসম, তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্য থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিল। আমাদের পুণ্ডিবাড়ি থেকে ওই প্রতিযোগিতায় মোট ১৭ জন গিয়েছিল। তাদের মধ্যে বিভিন্ন বিভাগে ১২ জন প্রথম হয়েছে। তিনজন দ্বিতীয় ও একজন তৃতীয় হয়েছে। এমন সাফল্যে আমরা সকলেই খুশি। আগামী দিনে আরও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পুরস্কার নিয়ে আসাই লক্ষ্য। 
প্রতিযোগিতায় দু’টি বিভাগে প্রথম দিশানের বাবা স্বপন বর্মন বলেন, আমার তিন ছেলে তিনবছর বয়স থেকেই ক্যারাটে শিখছে। আগেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়েছে দিশান। এবার দু’টি বিভাগে প্রথম হল। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ