নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছিল, শিক্ষক বা শিক্ষকর্মী নিয়োগের পরীক্ষায় একজন ‘দাগি’ প্রার্থীও (টেন্টেড) যাতে পরীক্ষায় বসতে না পারেন। তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাক পাওয়া শিক্ষাকর্মীদের তালিকায় মোট ১৬ জন ‘দাগি’র সন্ধান পেল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। অর্থাৎ, তাঁরা কার্যত পরিচয় ভাঁড়িয়ে পরীক্ষায় বসেছিলেন। ফলে, সেই সুযোগে তাঁরা ইন্টারভিউ তালিকা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। শুক্রবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তাঁদের নাম প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে, তাঁদের মধ্যে অনেকে আগে স্কুল শিক্ষক হিসাবে নিয়োগের জন্য পরীক্ষাতেও বসেছিলেন। এবং সেখানেই দাগি বলে চিহ্নিত হয়েছিলেন। বাকিরা ছিলেন, শিক্ষাকর্মী পদপ্রার্থী। যদিও তাঁদের সবার নাম বাদ দিয়ে সংশোধিত তালিকাও প্রকাশ করেছে এসএসসি।



