নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসেই আরও প্রায় ১৫ হাজার সরকারি চাকরির সুযোগ তৈরি করতে চায় নবান্ন। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ নভেম্বর এই সংখ্যক পদে নিয়োগের ছাড়পত্র দিতে পারে রাজ্য মন্ত্রিসভা। উৎসব মরশুম শেষে এটাই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক।
প্রস্তাবিত ১৫ হাজার নিয়োগের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পুলিশ কনস্টেবলের পদ। আগেই ৯ হাজার কনস্টেবল নিয়োগের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সেই সংখ্যা বাড়িয়ে ১০,৫৪৪ করা হয়। এই বর্ধিত সংখ্যার নিয়োগেই ছাড়পত্র পাওয়ার চেষ্টা চলছে। এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘আগামী মন্ত্রিসভার বৈঠকে ১০,৫৪৪টি কনস্টেবল পদে নিয়োগের অনুমোদন পাওয়ার লক্ষ্যে কাজ চলছে। যদি তা একান্ত সম্ভব না হয়, তাহলে অন্তত ৯ হাজার পদে নিয়োগের জন্য মন্ত্রিসভার ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। পুলিশের এএসআই পদে বেশ কিছু নিয়োগের অনুমোদনও মিলতে পারে ওই দিন।’
পুলিশ ছাড়াও যুগ্ম বিডিও, অডিট ও অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগের প্রস্তাব রয়েছে। পাশাপাশি, প্রায় ৬০ থেকে ৭০ জন ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিক নিয়োগের ছাড়পত্র দিতে পারে মন্ত্রিসভা। দমকল দপ্তরের অধীনে অপারেটর কাম ড্রাইভার নিয়োগের প্রস্তাবও পাশ হতে পারে ওই দিনই। এছাড়াও তালিকায় রয়েছে পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরে নিয়োগ। স্বাস্থ্যদপ্তরের অধীনে খাদ্য সুরক্ষা আধিকারিক নিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। সম্প্রতি খাদ্যে ভেজাল রুখতে বিভিন্ন রেস্তরাঁ ও খাবারের দোকানে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা আধিকারিক নিয়োগ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে ২৩ নভেম্বরের বৈঠক রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তাঁদের লক্ষ্য ২০২৭ সালের ৮ মে’র মধ্যে রাজ্যে এক লক্ষ সরকারি চাকরি দেওয়া। পালাবদলের পর ইতিমধ্যে মন্ত্রিসভা প্রায় ৬৫ হাজার পদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে দ্রুত এবং স্বচ্ছ নিয়োগে জোর দিচ্ছে নবান্ন। সেই লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনও (পিএসসি) নিজেদের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছে। ফলে আগামী কয়েক মাসে একাধিক নিয়োগ প্রক্রিয়া গতি পেতে পারে বলে আশা সমস্ত মহলে। জানা গিয়েছে, রাজ্য অর্থদপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে দপ্তরগুলির সঙ্গে বৈঠক করছে। এমনকি, অন্য ইস্যু নিয়ে বৈঠকের ফাঁকেও শূন্যপদ পূরণ এবং নিয়োগের জন্য প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিচ্ছেন নবান্নের শীর্ষকর্তারা।



