নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাড়োয়ার কীর্তিপুর ১ পঞ্চায়েতের কৃষ্ণমাটি গ্রামের ৮১ নম্বর বুথে ভোটার লিস্ট ঘিরে চাঞ্চল্য ছড়াল। ২০২৫ সালের ভোটার তালিকায় দেখা যায় ১৫ জনের নাম ‘উধাও’। যাঁরা এতদিন ধরে ভোট দিয়ে এসেছেন তাঁদের নামই এবার নেই। স্থানীয়দের দাবি, ২০০০ সালের আগে থেকে তাঁরা নিয়মিত ভোট দিয়ে আসছেন। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সব নির্বাচনে তাঁদের নাম তালিকায় ছিল। কিন্তু ২০২৫ সালের নতুন লিস্টে হঠাৎই নাম মিলছে না। ফলে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, এসআইআর পর্বে বিএলও বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম বিলি করছেন। কিন্তু কয়েকটি পরিবারে সেই ফর্ম গিয়ে পৌঁছয়নি। বুথের বাসিন্দা রজব আলি ক্ষোভের সঙ্গে বলেন, আমি তো প্রতিবার ভোট দিই। এখন হঠাৎ নাম নেই কেন বুঝতে পারছি না। কেউ এসে ফর্মও দেয়নি। শুধু আমাদের পরিবারের চারজন নয়। এলাকার অনেকের অবস্থা একইরকম। কেউ তিনজনের, কেউ বা চারজনের নাম খুঁজে পাচ্ছেন না। স্থানীয়দের আরও অভিযোগ, আগের ভোটার কার্ড হাতে আছে। আগের তালিকায় নামও রয়েছে। তবু এবার বাদ পড়েছে। একসঙ্গে ১৫ জনের নাম কীভাবে উধাও হল? বুথের বিএলও রাবেয়া বিবি বলেন, ৮১ নম্বর বুথে একাধিক পরিবারের নাম নেই। তাই ইনিউমারেশন ফর্ম আসেনি। গত নির্বাচনে ওঁরা ভোট দিয়েছেন। এনিয়ে পঞ্চায়েত সদস্য রেশমা বিবি বলেন, গ্রামে এখন চিন্তার পরিবেশ। আমি বিষয়টি প্রশাসনের কাছে তুলব।