নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রাজ্য সমবায় দপ্তরের নির্দেশ ছিল ১২ শতাংশ সুদ সহ প্রায় ১৩ কোটি ৪৬ লক্ষ টাকা সমিতিকে ফেরত দিতে হবে। কিন্তু, সেই নির্দেশের পরেও টাকা ফেরত দেওয়া হয়নি। ফলে কালীনগর কো-অপারেটিভ কলোনি অ্যান্ড ক্রেডিট সোসাইটির আমানতকারীরাও টাকা ফেরত পাননি বলে অভিযোগ। ওই সমিতির পুরনো আর্থিক দুর্নীতির মামলায় তদন্তে নামল অর্থনৈতিক অপরাধ দমন শাখা(ইকোনমিক অফেন্স উইংস)। শুক্রবার বিকালে ওই তদন্তকারী দলের দুই সদস্য কৃষ্ণনগরে এসে সমিতির সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁরা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। এবিষয়ে জানতে সমবায়ের বর্তমান চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু, তিনি ফোন কেটে দেন। মেসেজ পাঠালেও তার কোনো উত্তর দেননি।
উল্লেখ্য, নিয়মবহির্ভূতভাবে এই সমবায়ের প্রায় ১৩ কোটি ৪৬ লক্ষ টাকা সাহারা গোষ্ঠীতে বিনিয়োগ করেছিলেন তৎকালীন চেয়ারম্যান তথা কৃষ্ণনগরের বর্ষীয়ান তৃণমূল নেতা শিবনাথ চৌধুরী। এই অনিয়মের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২২-’২৩ সালের অডিট রিপোর্ট অনুযায়ী, ২০১১ সাল থেকে সমিতির সাধারণ গ্রাহকের জমানো টাকা নিয়মবহির্ভূতভাবে সাহারা গোষ্ঠীতে বিনিয়োগ করা হয়েছিল।
এই ঘটনায় সমবায়ের তৎকালীন বোর্ডের সংশ্লিষ্ট সদস্যদের ১৩ কোটি ৪৬ লক্ষ ৩১ হাজার ৯৩৩ টাকা ১২ শতাংশ সুদ সহ সমিতিকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ কার্যকর করার শেষ সময়সীমা ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। কিন্তু, নির্ধারিত সময়ে ওই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ।
সম্প্রতি অর্থ উদ্ধারের অগ্রগতি এবং সমিতির আর্থিক লেনদেন নিয়ে অর্থনৈতিক অপরাধ দমন শাখার অধিকর্তার কাছে নতুন করে অভিযোগ জমা পড়ে। অভিযোগকারীদের দাবি, সমিতির অর্থ বিনিয়োগের পরিমাণ, অনুমোদন এবং টাকা ফেরতের অগ্রগতি খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। সমিতির পরিচালন ব্যবস্থায় পারিবারিক প্রভাবের অভিযোগও তুলেছেন সদস্যরা। তাঁদের দাবি, প্রাক্তন চেয়ারম্যানের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়রাই বর্তমানে সমিতির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। পরিচালন সমিতি গঠন, কর্মী নিয়োগ, সদস্যপদ দেওয়া, ঋণ মঞ্জুর-সহ বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সিদ্ধান্তে পারিবারিক প্রভাব খাটানো হয়েছে কি না, তা নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে।
কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায় বলেন, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে অন্ধকারে রেখে শিবনাথবাবুর পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়ের মাধ্যমে প্রায় ১২-১৩ কোটি টাকা সাহারা গোষ্ঠীতে বিনিয়োগ করা হয়েছিল। হাইকোর্ট, নিম্ন আদালত ও পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই শিবনাথবাবু গ্রেপ্তার হন। কিন্তু, আমানতকারীরা তাঁদের কষ্টার্জিত টাকা ফেরত পাননি। নতুন সরকার এই দুর্নীতির সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এবং সাধারণ মানুষ যাতে তাঁদের টাকা ফেরত পান, সেই বিষয়ে সচেষ্ট।
নন্দিতা ঘোষ নামে এক সদস্য এই মামলার আরটিআই করে টাকা উদ্ধারের অগ্রগতি সম্পর্কে তথ্য জানতে চেয়েছিলেন। তাঁর বক্তব্য, আরটিআই করে জানতে পারি এখনো টাকা ফেরত দেওয়া হয়নি। সমবায় দপ্তরের তরফে জানানো হয়েছিল, সেই সময় বোর্ডে যাঁরা ছিলেন, তাঁদেরই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।



