বিনামূল্যের রেশনে ১৩.২ শতাংশ ‘অযোগ্য উপভোক্তা’, শীর্ষে বাংলা
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কারও পরিবারের সদস্য সরকারি চাকুরে। কারও আবার বাড়িতে তিন-চারটে ঘর। রয়েছে এসি, গাড়িও। তার পরেও এরা সকলেই দিব্যি বিনামূল্যে সরকারের ঘর থেকে খাদ্যশস্য পাচ্ছেন। অর্থাৎ ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’য় (পিএমজিকেএওয়াই) অন্তর্ভুক্ত। এই ‘অযোগ্য উপভোক্তা’ কত? কেন্দ্রীয় সরকারের হিসাবে, সারা দেশে প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের অন্তত ১৩.২ শতাংশ ‘অযোগ্য উপভোক্তা’।  ২০২৫-২৬ অর্থবর্ষের এক সমীক্ষায় দেখা গিয়েছে, প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্তাবলী পূরণ না করেও বহু পরিবার বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছে। আর সেই তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।

Advertisement

সরকারি যে কোনো প্রকল্পেই বিপুল উপভোক্তাদের মধ্যে অল্পবিস্তর ‘অযোগ্য’ থাকেই। দেশের যে কোনো প্রান্তে এই তথ্য নতুন কিছু নয়। সম্প্রতি খাদ্যমন্ত্রকের তরফে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫১ হাজার ৩০৩  উপভোক্তা পরিবারের উপর এই সমীক্ষা চালানো হয়। তালিকায় রাখা হয়  ৪ হাজার ৯৩৯ ফেয়ার প্রাইস শপ, ভিজিল্যান্স কমিটির ২ হাজার ৩৬ জন সদস্য ও ২৪৫টি গোডাউনকে। সমীক্ষায় ‘অযোগ্য উপভোক্তা’র তালিকায় পশ্চিমবঙ্গের পরেই রয়েছে ত্রিপুরা ও তামিলনাড়ু। এই তিন রাজ্যে ‘অযোগ্য উপভোক্তা’র হার প্রায় ৪০ শতাংশ। অর্থাৎ বহু মানুষই যোগ্যতার মাপকাঠি পূরণ না হলেও বিনামূল্যের রেশনের সুবিধা নিচ্ছেন। মন্ত্রকের ওয়েবসাইটে থাকা সমীক্ষা রিপোর্টে অনুযায়ী, সারা দেশে মোট উপভোক্তার মধ্যে ১৩.২ শতাংশ ‘অযোগ্য’। তার মধ্যে অবশ্য পশ্চিমবঙ্গে (৩৯.৫ শতাংশ), ত্রিপুরা (৩৯.২ শতাংশ), তামিলনাড়ু (৩৮.৭ শতাংশ) এবং মেঘালয়ে (২৮.৫ শতাংশ) অযোগ্য উপভোক্তার পরিমাণ বেশি। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাধীন ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা’য় অন্তর্ভুক্ত পরিবারের সদস্যদের বিনামূল্যে প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। আবার ‘অন্ত্যোদয় অন্ন যোজনা’র অন্তর্ভুক্ত পরিবারগুলিকে প্রতি মাসে পরিবার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। সব মিলিয়ে দেশের প্রায় ৮০ কোটি মানুষ এই খাদ্য আইনের আওতায় রয়েছেন। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক-এর অধীনে কাজ করে ‘খাদ্য ও গণবণ্টন বিভাগ’। খাদ্য সুরক্ষা আইনটি পরিচালনার ভারও রয়েছে তাদের হাতেই। সমীক্ষার ফল নিয়ে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর তরফে ‘খাদ্য ও গণবণ্টন বিভাগ’কে ইমেল মারফৎ প্রশ্ন করা হলেও কোনো জবাব মেলেনি।