সংবাদদাতা, কাঁথি: রামনগর-২ ব্লকের দেউলি ও ফুলবাড়ি অভিযান ক্লাবের রাস উৎসব উপলক্ষ্যে মাতোয়ারা এলাকাবাসী। ক্লাব ৩৪তম বর্ষের রাস উৎসব উপলক্ষ্যে ১৩দিন ধরে নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। রাসমঞ্চে রাধাকৃষ্ণের বিগ্রহ ও মণ্ডপ নজর কেড়েছে। আলোকমালায় সেজে উঠেছে উৎসব প্রাঙ্গণ। মঙ্গলবার বাইক র্যালির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। বৃহস্পতিবার শর্টহ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার ছিল রক্তদান শিবির। উৎসব উপলক্ষ্যে আগামী সোমবার লক্ষ্মীনারায়ণ পূজা অর্চনা, দ্বাদশপ্রহর নামযজ্ঞ ও অন্ন মহোৎসবের সূচনা হবে। রয়েছে আরও নানা অনুষ্ঠান।
বৃহস্পতিবার শর্টহ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার সূচনা করেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি শ্রীকৃষ্ণ দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক নবাবউদ্দিন, শ্রীমন্ত দলাই প্রমুখ। বহু মানুষ ক্রিকেট প্রতিযোগিতা দেখার জন্য ভিড় জমায়। অতিথিরা বলেন, বর্তমান যুব সমাজ মোবাইল ফোনের মায়াজালে ক্রমশ বন্দি হয়ে পড়েছে। এটা উদ্বেগের বিষয়। তাদের মাঠে আসতে হবে। শুধু শারীরিক বিকাশ নয়, প্রকৃত মানুষ হয়ে উঠতে মানসিক বিকাশও প্রয়োজন। খেলাধুলো ও শরীরচর্চা দুয়েরই বিকাশ ঘটায়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি সহ পুরস্কার তুলে দেওয়া হয়।
উৎসব কমিটির সভাপতি বরেন্দ্রনাথ ভুঁইয়া, সম্পাদক সুশান্ত ভুঁইয়া বলেন, রাস উৎসবকে কেন্দ্র করে শুধু দেউলি ও ফুলবাড়ি নয়, সংশ্লিষ্ট সটিলাপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মানুষজন মেতে ওঠেন। কয়েকদিন ধরে এলাকায় থাকে আনন্দোৎসবের পরিবেশ।