নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম। মোট ১২২০ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন। তার মধ্যে ৯৩৯ জন ভারতীয়। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ২৮১। নিলাম মঞ্চ থেকে দশটি দল মোট ৬৬ জন ক্রিকেটারকে নিতে পারবে। অর্থাৎ একটি জায়গার জন্য লড়াই ২৫ জনের। এতেই স্পষ্ট, আইপিএলের জনপ্রিয়তা ঠিক উচ্চতায় পৌঁছেছে।
বরাবরের মতো এবারও কোটিপতি লিগের নিলামে থাকবে বেশ কিছু চমক। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বেন স্টোকসের ফের আইপিএলে খেলার আগ্রহ দেখে অনেকেই বিস্মিত। তিনি নিলামে নাম নথিভুক্ত করিয়েছেন। অতীতে তাঁকে একাধিক দলের হয়ে খেলতে দেখা গিয়েছে। তবে খেলা ছাড়ার পর আইপিএলে তাঁর কামব্যাক রীতিমতো চমকপ্রদ। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, বিশেষ কোনও ফ্র্যাঞ্চাইজি আগাম আগ্রহ দেখানোর কারণেই স্টোকস ফের নিলামে অংশ নিচ্ছেন।
ভিত্তিদরের সর্বাধিক মূল্য ২ কোটি। এই তালিকায় রয়েছেন দু’জন ভারতীয় আভেশ খান ও দীপক চাহার। বাকিরা বিদেশি। যেখানে ডেভিড ওয়ার্নার, ঝাই রিচার্ডসন, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, টম কারান, ড্যারিল মিচেল, রাচীন রবীন্দ্র, শাই হোপ, শিমরন হেটমায়ারের মতো নাম রয়েছে। এঁদের মধ্যে অনেকেরই ভালো দর উঠতে পারে বলে মত ওয়াকিবহার মহলের। বিশেষ করে শাই হোপ কিংবা হেটমায়ার ভালো দর পেতে পারেন। ভারত সফরে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের ক্যাপ্টেন হোপ। এছাড়া ওপেনার হিসাবে ওয়ার্নার কিংবা বেয়ারস্টোর প্রতি আগ্রহ থাকবে। ড্যারিল মিচেল কিংবা স্যাম বিলিংসের জন্য অনেক ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাতে পারে। তবে পিতা-পুত্রের নিলামে অংশগ্রহণ সম্ভবত এই প্রথম। আফগানিস্তানের বর্ষীয়ান অলরাউন্ডার মহম্মদ নবির ভিত্তিদর ১ কোটি। আর তাঁর পুত্র হাসান ইসাখিল ভিত্তিদর রেখেছেন ৭৫ লক্ষ টাকা।
আইপিএল তো শুধু তারকাদের খেলা নয়, এই মঞ্চ জন্ম দেয় নতুন প্রতিভার। তাই উঠতি ক্রিকেটারদের নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির বিশেষ পরিকল্পনা থাকে। যেটা পরবর্তীকালে ভালে ডিভিডেন্ড দেয় দলকে। যেমন বৈভব সূর্যবংশীকে নিয়ে বাজিমাত করেছে রাজস্থান রয়্যালস। এবারের নিলামে বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীরও থাকবেন নজরে। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে আর্যবীর একাধিক ঝলমলে ইনিংস উপহার দিয়েছিলেন। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর লড়াকু ব্যাটিং দারুণ প্রশংসীত হয়েছিল ক্রিকেট মহলে। সেই আর্যবীরের জন্য কত টাকা দর ওঠে, সেটাই দেখার।
অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের আর এক তারকা-পুত্র অন্বয় দ্রাবিড় নিলাম থেকে নাম তুলে নিয়েছেন। বাবা রাহুল দ্রাবিড়ের পরামর্শেই হয়তো তাঁর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কারণ, আইপিএল হল ক্রিকেট এবং বিনোদনের ককটেল। যে মঞ্চ অনেক সময় তরুণ ক্রিকেটারদের ফোকাস নড়িয়ে দেয়। সেকথা ভেবেই হয়তো আরও একটা মরশুম ছেলে অন্বয়কে আইপিএল থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন দ্রাবিড়।



