Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

২১ হাজার ফুটের পোলোগঙ্কা শৃঙ্গ জয়ে কাল রওনা উত্তরের ১২ অভিযাত্রীর

২১ হাজার ফুট উঁচু পোলোগঙ্কা শৃঙ্গ জয়ের লক্ষ্যে কাল, মঙ্গলবার রওনা দিচ্ছেন উত্তরের ১২ অভিযাত্রী। অভিজ্ঞ পর্বতারোহীদের পাশাপাশি টিমে রয়েছেন কলেজ ছাত্রী ও গৃহবধূ।

২১ হাজার ফুটের পোলোগঙ্কা শৃঙ্গ জয়ে কাল রওনা উত্তরের ১২ অভিযাত্রীর
  • ৩০ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ২১ হাজার ফুট উঁচু পোলোগঙ্কা শৃঙ্গ জয়ের লক্ষ্যে কাল, মঙ্গলবার রওনা দিচ্ছেন উত্তরের ১২ অভিযাত্রী। অভিজ্ঞ পর্বতারোহীদের পাশাপাশি টিমে রয়েছেন কলেজ ছাত্রী ও গৃহবধূ। তাঁরা অবশ্য পর্বতারোহণে পারদর্শী। এই উপলক্ষ্যে আজ, সোমবার জলপাইগুড়িতে ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকার কথা দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজনীশ যোশীর। উত্তরবঙ্গ থেকে এই প্রথম অ্যাডভেঞ্চার ক্লাবগুলি যৌথভাবে কোনও পর্বত শৃঙ্গ অভিযানে শামিল হচ্ছে। 

Advertisement

এতদিন আলাদা আলাদাভাবে অনেক শৃঙ্গ অভিযান হলেও এবার আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি, উত্তরের ছ’টি অ্যাডভেঞ্চার ক্লাব একত্রিত হয়েছে ২০ হাজার ৯৬০ ফুট উঁচু হিমালয়ের এই দুর্গম শৃঙ্গ জয়ের লক্ষ্যে। টিম লিডার জলপাইগুড়ির অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস। বাকিরা হলেন জয়ন্ত সরকার, সুজয় বণিক, ত্রিদিব সরকার, স্বরূপ খান, হীরক ব্রহ্ম, নবনীশ দত্ত, পিয়ালী বিশ্বাস, আমুল ঠাকুর, সায়ন ঘোষ, পার্থপ্রতিম দে এবং সুস্মিতা সরকার। এই ১২ জন অভিযাত্রী ছাড়াও লাদাখ থেকে দলের সঙ্গে দু’জন গাইড এবং দু’জন কিচেন স্টাফ যোগ দেবেন। অভিযাত্রী দলের লিডার ভাস্কর দাস বলেন, ১ জুলাই এনজেপি থেকে শুরু হবে যাত্রা। দিল্লি হয়ে অভিযাত্রীরা পৌঁছবেন হিমাচলের মানালি। সেখান থেকে দরচা ও লাদাখের সোকার লেক হয়ে দলটি ৭ জুলাই পৌঁছবে অভিযানের মূল শিবিরে, যার উচ্চতা ১৬ হাজার ফুট। মূল শিবির বা বেস ক্যাম্পের উপরে বিভিন্ন উচ্চতায় স্থাপন করা হবে আরও দু’টি ক্যাম্প। সবকিছু ঠিকঠাক থাকলে ১২ অথবা ১৩ জুলাই শৃঙ্গ জয়ের চেষ্টা করা হবে। সবটা ভালোভাবে সম্পন্ন হলে পর্বতারোহীদের উত্তরবঙ্গে ফিরে আসার কথা ১৯ জুলাই। ভাস্করের দাবি, দুর্গম হিমালয়ের পোলোগঙ্কা শৃঙ্গ জয় মোটেই সহজ নয়। এই শৃঙ্গ আরোহণ পর্বে অভিযাত্রীদের লাদাখের অক্সিজেন বর্জিত অঞ্চলের সঙ্গে খাপ খাওয়াতে হবে। উচ্চতাজনিত শারীরিক সমস্যা ছাড়াও প্রচণ্ড ঠান্ডা হাওয়া এবং সেইসঙ্গে শৃঙ্গ পথে পাহাড় থেকে আলগা পাথর গড়িয়ে আসার আশঙ্কা রয়েছে। সেসব প্রতিকূলতারও সম্মুখীন হতে হবে অভিযাত্রীদের।
উত্তরবঙ্গ থেকে পোলোগঙ্কা অভিযানে শামিল দুই মহিলার মধ্যে একজন শিলিগুড়ির, অন্যজন আলিপুরদুয়ারের। অভিযান ঘিরে দারুণ উৎসাহিত শিলিগুড়ির বাসিন্দা পিয়ালী বিশ্বাস। তিনি বলেন, পর্বতারোহণের একাধিক কোর্স করেছি। কোর্সে যেসব শৃঙ্গ সামিট করানো হয়, সেগুলিও করেছি। কিন্তু প্রথমবার এতবড় অভিযানে যাচ্ছি। পোলোগঙ্কা কতটা দুর্গম, তা জানি। কিন্তু সেটা জয় করে ফিরে আসা আমার কাছে চ্যালেঞ্জ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ