Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ছিটমহল বিনিময়ের ১১ বছর পূর্তি ৩১ জুলাই রাতে উদযাপন বাসিন্দাদের

ছিটমহল বিনিময়ের ১১ বছর পূর্তিতে ৩১ জুলাই, শুক্রবার মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে, বাজি ফাটিয়ে আনন্দ উৎসবে মেতে উঠলেন সাবেক ছিটের বাসিন্দারা।

ছিটমহল বিনিময়ের ১১ বছর পূর্তি ৩১ জুলাই রাতে উদযাপন বাসিন্দাদের
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাজীব বর্মন, দিনহাটা: ছিটমহল বিনিময়ের ১১ বছর পূর্তিতে ৩১ জুলাই, শুক্রবার মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে, বাজি ফাটিয়ে আনন্দ উৎসবে মেতে উঠলেন সাবেক ছিটের বাসিন্দারা। ২০১৫ সালের ৩১ জুলাই ভারত-বাংলাদেশের মধ্যে থাকা ছিটমহলগুলি বিনিময় হয়। এরপর থেকেই দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালন করেন দিনহাটা মহকুমার মধ্যে থাকা সাবেক ছিটমহলের বাসিন্দারা।

Advertisement

শুক্রবার মধ্যরাতে ঘড়িতে ১২টা বাজতেই জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, মোমবাতি জ্বালিয়ে সাবেক ছিটের বাসিন্দারা  প্রতিবারের মতো এবারও স্বাধীনতা দিবস পালন করলেন। এক দশক পরেও ভারতে অন্তর্ভুক্তির সেই রাতের আবেগ আজও অমলিন দিনহাটা মহকুমার সাবেক বাসিন্দাদের কাছে। তাই ১৫ আগস্টের পাশাপাশি তাঁদের কাছে ৩১ জুলাই মধ্যরাতে সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করেই দিনহাটা মহকুমার মশালডাঙা, মধ্য মশালডাঙা, পোয়াতুরকুঠি সহ বিভিন্ন সাবেক ছিট বাসিন্দারা পালন করলেন তাঁদের স্বাধীনতা দিবস। নতুন প্রজন্মের সামনে ২০১৫ সালের সেই ঐতিহাসিক রাতের কথা তুলে ধরেন।  
দীর্ঘ ৬৮ বছরের দীর্ঘ যন্ত্রণার অবসান হওয়ায় সাবেক ছিটমহলের বাসিন্দাদের বাড়িতে এদিন ভালোমন্দ রান্না হয়। ছোটোদের নতুন পোশাকও কিনে দেওয়া হয়। মধ্য মশালডাঙার বাসিন্দা ছিটমহল বিনিময় আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা জয়নাল আবেদিন, সাদ্দাম হোসেন’রা বলেন, আমাদের যন্ত্রণার শেষ ছিল না। এলাকার ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হতে পারত না। এলাকায় বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা হতেই গোটা এলাকা অন্ধকারে ডুবে যেত। কোনো সরকারি সুযোগ সুবিধা মিলত না। দীর্ঘ ৬৮ বছরের যন্ত্রণা থেকে আমাদের মুক্তি মিলেছে ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে। এদিনই আমাদের জীবনে স্বাধীনতা দিবস। তাই দিনটার সঙ্গে আবেগও অন্যরকম।
প্রসঙ্গত, ১১ বছর আগে ২০১৫ সালের ৩১ জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা মোট ১৬২টি ছিটমহল বিনিময় হয়। এরমধ্যে ভারতের অভ্যন্তরে থাকা মোট ৫১টি বাংলাদেশি ছিটমহল ভারতের সঙ্গে যুক্ত হয়। অন্যদিকে, বাংলাদেশ ভূখণ্ডে থাকা মোট ১১১টি ভারতীয় ছিটমহল বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়। বাংলাদেশের ভিতরে থাকা ভারতীয় ছিটের বাসিন্দাদের মধ্যে ৯৮৯ জন ভারতে ফিরে আসেন। পুনর্বাসনের ব্যবস্থা করেছে সরকার।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ