সংবাদদাতা, পুরাতন মালদহ: প্রধানমন্ত্রী আবাস যোজনায় পুরাতন মালদহ পুরসভায় ১১৫৩টি নতুন ঘরের অনুমোদন এসেছে। দ্রুত উপভোক্তাদের ঘর নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হবে। সেজন্য আগামী সপ্তাহেই পুরসভায় মিটিং হতে চলেছে। শুক্রবার ঠিক এমনটাই জানালেন পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের ডিপিআর তৈরি করে পাঠানো ছিল। আমরা ১১৫৩টি ঘরের অনুমোদন পেয়েছি। কাজ এগিয়ে নিয়ে যেতে হাউস ফর অল কর্মীদের নিয়ে আমরা একটা জরুরি বৈঠক করেছি। উপভোক্তাদের নির্মাণ কাজ শুরু করতে বলার আগে আরও একটা মিটিং হবে।
পুরসভার চেয়ারম্যানের দাবি, রাজ্যের মধ্যে জঙ্গিপুর পুরসভা সর্বোচ্চ ১১৭১টি ঘরের অনুমোদন পেয়েছে। ঠিক তারপরেই পুরাতন মালদহ পুরসভা ১১৫৩টি ঘরের অনুমোদন পেয়েছে। এটা রাজ্যে দ্বিতীয়।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার মহিলাদের নামে ঘর দেওয়া হচ্ছে। সেই অনুয়ায়ী কয়েক মাস আগে অনলাইনে আবেদন শুরু হয়েছিল। প্রথম ধাপে ঘর দেওয়ার জন্য আবেদনের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় পুরসভা। সেই অনুয়ায়ী ১৪৩৭ জন অনলাইনে ফর্ম পূরণ করেন। অনেকে নথি ঠিকমতো দিতে পারেননি। কাগজপত্র সঠিক ছিল না। সুষ্ঠুভাবে ঘর দিতে পুরসভায় বৈঠক হয়। এরপর ২০টি ওয়ার্ড জুড়ে সার্ভে হয়। সেই সার্ভের হাজারের বেশি ঘর দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। ডিপিআর তৈরি করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। একজন উপভোক্তাকে পাকা বাড়ি তৈরির জন্য ২৫ হাজার টাকা জমা করার নিয়ম রয়েছে। এরপর ওই উপভোক্তা মোট ৩ লক্ষ ৪৩ হাজার টাকা পাবেন। ওই টাকা কয়েকটি ধাপে দেওয়া হবে।
এদিকে ১১৫৩টি ঘর ছাড়াও আগামী দিনে আরও ৬০০টি ঘর দেওয়ার উদ্যোগ শুরু করেছে পুরসভা। পুরসভার হাউস ফর অল প্রকল্পের কর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষা করতে যাবেন। এরপর সমীক্ষার রিপোর্ট তৈরি করে রাজ্য পাঠানো হবে বলে পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন। তিনি বলেন, সরকারি নিয়ম মেনেই সমস্ত কাজ হচ্ছে। যেকোনো রাজনৈতিক দলের প্রতিনিধি ওই সমীক্ষায় অংশ নিতে পারেন। আমরা যোগ্য উপভোক্তাদের ঘর দেব।



