গাজা স্ট্রিপ: অনাহার ও অপুষ্টিতে মৃত্যুমিছিল অব্যাহত গাজায়। যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডটিতে গত কয়েক দিনে খাবারের অভাবে প্রাণ গিয়েছে আরও ১১ জনের। এর মধ্যে একাধিক শিশু আছে বলে জানিয়েছে সেখানকার হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রক। এই নিয়ে গাজায় অনাহারে মোট মৃতের সংখ্যা বেড়ে ২১২ দাঁড়িয়ে। এদের মধ্যে অন্তত ৯৮টি শিশু।
যদিও গাজায় দুর্ভিক্ষের কথা অস্বীকার করেছে ইজরায়েল। উল্টে সেখানকার চলতি খাদ্য সঙ্কটের জন্য তারা অভিযোগের আঙুল তুলেছে রাষ্ট্রসঙ্ঘের সংস্থাগুলির দিকে। তেল আভিভের অভিযোগ, সীমান্ত থেকে ত্রাণ নিয়ে তা দুর্গত মানুষদের মধ্যে ঠিকমতো বিতরণ করছে না রাষ্ট্রসঙ্ঘের সংস্থাগুলি। এই অভিযোগ মানতে নারাজ স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। তাদের পাল্টা বক্তব্য, ইজরায়েল নিয়ন্ত্রিত সীমান্ত অঞ্চল থেকে ত্রাণ সংগ্রহের চেষ্টা করতে গিয়ে অনবরত প্রতিবন্ধকতা ও বিলম্বের মুখোমুখি হচ্ছে স্বেচ্ছাসেবীদের। তাছাড়া গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা ‘লোকজনের ন্যূনতম প্রয়োজনের চেয়েও অনেক কম’ বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘের স্বেচ্ছাসেবী সংস্থা।