গাইঘাটায় কলাবাগান থেকে উদ্ধার ১০৮০ বোতল ফেনসিডিল
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটার সুটিয়া যাদবপুর মোড়ের একটি কলাবাগান থেকে উদ্ধার হল ১০৮০ বোতল ফেনসিডিল। ৯টি কাগজের পেটির মধ্যে সেগুলি রাখা ছিল। শুক্রবার রাতে গাইঘাটা থানার পুলিশ টহল দেওয়ার সময় রাস্তার পাশে ওই কলাবাগানে কাগজের পেটিগুলি পড়ে থাকতে দেখে। সন্দেহ হওয়ায় তল্লাশি শুরু করে পুলিশ। তখন উদ্ধার হয় বিপুল পরিমাণ ফেনসিডিল। পুলিশের অনুমান, এগুলি বাংলাদেশে পাচারের জন্য সেখানে রাখা হয়েছিল। যদিও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কলাবাগানে কীভাবে এত ফেনসিডিল এল, কে বা কারা সেখানে এগুলি রেখে গেল, কী তাদের উদ্দেশ্য—সবটাই খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে গাইঘাটা থানা। সীমান্তবর্তী গাইঘাটা থানার ওপারেই বাংলাদেশ। সেখানে অন্যতম নেশার সামগ্রী হিসাবে ব্যবহৃত হয় ফেনসিডিল। সেই চাহিদা মেটাতেই চলে অবৈধ পাচার। বাসিন্দাদের একাংশের দাবি, সম্প্রতি গাইঘাটায় ব্যাপক হারে বেআইনি মাদকের কারবার বেড়েছে। চোরাকারবারিদের রমরমা এলাকাজুড়ে। ফেনসিডিল উদ্ধারের ঘটনা তারই প্রমাণ বলে দাবি স্থানীয়দের। 

Advertisement