লখনউ: খুন, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ ছিল। সেই মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন সাজা পেয়েছিলেন লক্ষ্মণ। এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদনও করেছিলেন। সেই মামলায় এলাহাবাদ হাইকোর্ট তাঁকে সদ্য বেকসুর ঘোষণা করেছে। তবে এরই মধ্যে ৪৩ বছর জেল খাটা হয়ে গিয়েছিল লক্ষ্মণের। অবশেষে জেলমুক্তি হল তাঁর। ১০৪ বছর বয়সে। শুক্রবার জেল আধিকারিক জানিয়েছেন, উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার গৌরায়ে গ্রামের বাসিন্দা লক্ষ্মণ। রেকর্ড অনুযায়ী, তার জন্ম ১৯২১ সালের ৪ জানুয়ারি। ১৯৭৭ সালের ১৬ আগস্ট দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় প্রভু সরোজ নামক এক ব্যক্তির। সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল লক্ষ্মণ। ৪৩ বছর ধরে মামলা চলার পর চলতি বছর ২ মে তাকে খালাস দেয় হাইকোর্ট। গত মঙ্গলবার যাবতীয় প্রক্রিয়া শেষে জেলমুক্তি হয়েছে লক্ষ্মণের।



