নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সে উপলক্ষ্যে আজ, বৃহস্পতিবার সল্টলেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘অন্নপূর্ণা দিবস’। ৫১ হাজার মহিলা উপভোক্তা উপস্থিত থাকবেন। তাঁদের নিয়ে আসার জন্য ১ হাজার বাস বুক করা হয়েছে। অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক। সবমিলিয়ে সল্টলেকে যানজট তৈরি হতে পারে। এই আশঙ্কা করছে বিধাননগর পুলিশ নিজে। সল্টলেকে একাধিক স্কুল আছে। সেগুলির পড়ুয়ারা যাতে দুর্ভোগে না পড়ে তার জন্য স্কুল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে পুলিশ বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে যানজট মোকাবিলায় শুরু হয়েছে তৎপরতা। একাধিক জায়গায় পুলিশ ক্যাম্প তৈরি করেছে।
রাজ্যস্তরের যে মূল অনুষ্ঠান সেটির আয়োজন হয়েছে বইমেলা প্রাঙ্গণে। সেখানকার ব্যবস্থাপনা বিশাল। বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সেপ্টেম্বর থেকে ১ কোটি ৫৮ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। প্রসঙ্গত বুধবার থেকে টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছে। এদিনের অনুষ্ঠান নিয়ে বিধাননগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পুলিশের একটি পেজে বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তাতে লেখা, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫১ হাজার মহিলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০০০টি বাসে ওঁরা অনুষ্ঠানে আসবেন। তাই ওইদিন (১৭.০৯.২০২৬) সল্টলেকের রাস্তায় ট্র্যাফিক জ্যাম হতে পারে। এই অনুষ্ঠানের মুহূর্তে স্কুলের শিক্ষক/শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আপনারা এই বিশেষ দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুলের পক্ষ থেকে কোনো বিকল্প রাস্তার ব্যবস্থা করলে খুব ভালো হয়।’