নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ গাড়ি মালিকের জন্য সুখবর! গাড়ির বকেয়া করের উপর জরিমানা ১০০ শতাংশই মকুবের সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দপ্তর। একই সঙ্গে মেয়াদ ফুরানো ‘সার্টিফিকেট অব ফিটনেস’ (সিএফ) রিনিউ করতে যে পেনান্টি ধার্য হয়, তাও ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য। এককালীন এই ওয়েভার স্কিমের সুযোগ মিলবে আগামী ৩১ ডিসম্বের পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে গাড়ির বকেয়া কর ও সিএফ খাতে প্রদেয় অর্থ সরকারের ঘরে জমা করলে মিলবে ওয়েভারের সুবিধা। বাণিজ্যিক ও ব্যক্তিগত—উভয় ধরনের গাড়ির ক্ষেত্রেই মালিকরা এই আর্থিক সুবিধা পাবেন। সোমবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শুভেন্দু অধিকারীরর সরকার। অর্থাৎ, এদিন থেকেই গাড়ির কর ছাড়ের এই প্রকল্প চালু হয়ে গিয়েছে। পরিবহণ দপ্তরের এক কর্তার কথায়, ‘বিগত তৃণমূল সরকার পরিবহণ দপ্তরকে কার্যত লাটে তুলে দিয়ে গিয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে দ্রুত আর্থিক স্বনির্ভরতা জরুরি। সেই সূত্রে এই ওয়েভার স্কিম আনা হল। কারণ, গাড়ির বিবিধ বকেয়া কর বাবদ রাজকোষে কয়েকশো কোটি টাকা ঘাটতি রয়েছে। এই ছাড়ের ঘোষণায় ৩১ ডিসেম্বরের মধ্যে ১৫০ কোটির বেশি টাকা রাজস্ব আদায় হবে বলে আমাদের আশা।’
উল্লেখ্য, পরিবহণ দপ্তরের তরফে সিএফ পাওয়ার পরই যেকোনো গাড়ি রাস্তায় চলার উপযুক্ত হিসাবে স্বীকৃতি পায়। সিএফের মেয়াদ উর্ত্তীণ হয়ে গেলে দিনপিছু ৫০ টাকা করে জরিমানা ধার্য হয়। অর্থাৎ, কোনো গাড়ির যদি ৩০ দিন আগে সিএফের মেয়াদ ফুরিয়ে যায়, সেই নথি নবীকরণের জন্য জরিমানা বা পেনাল্টি হিসাবে বাড়তি দেড় হাজার টাকা গুনতে হয়। সরকারি সূত্রের দাবি, ২ থেকে ৪ বছর পর্যন্ত সিএফ ফেল, এমন বহু গাড়ি আছে। ওয়েভার স্কিমের সৌজন্যে সংশ্লিষ্ট গাড়ির মালিক জরিমানার মোটা টাকা ছাড় পাবেন। অন্যদিকে, গাড়ি রাস্তায় চললে তার জন্য সরকারকে নির্দিষ্ট হারে কর দিতে হয়। এক্ষেত্রে করের নির্দিষ্ট মেয়াদ থাকে। তা পেরিয়ে গেলে ১৫ দিনের গ্রেড পিরিয়ড মেলে। তার পর থেকে পর্যায়ক্রমে বকেয়া করের উপর জরিমানা ধার্য হয়। এক্ষেত্রে বকেয়া কর প্রদানের সময় ৭৫ দিন পেরিয়ে গেলে ধার্য করের উপর ১০০ শতাংশ জরিমানা দিতে হয়। ওয়েভার স্কিমে এই জরিমানায় ছাড় দেওয়া হয়েছে।
এই স্কিম প্রসঙ্গে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, ‘গাড়ির যাবতীয় কর আপ টু ডেট রাখা মালিকদের কর্তব্য। ট্যাক্স কিংবা সিএফ ফেল গাড়ি রাস্তায় নামানো কাম্য নয়। কোনো দুর্ঘটনা ঘটলে অহেতুক জটিলতা তৈরি হয়। সরকারের এই সিদ্ধান্তে অনেকে উপকৃত হবেন। কিন্তু এটা নিয়ম করে দেওয়া ঠিক নয়। তাহলে গাড়ির মালিকরা এই ধরনের স্কিমের অপেক্ষায় সময়ে কর মেটাতেই চাইবেন না।’ সিটি সুবারবান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহার কথায়, ‘সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। এই পদক্ষেপ বাস মালিকদের আর্থিক চাপ অনেকটাই লাঘব করবে।’



