হলুদকানালিতে একশো শয্যার হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ১৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খাতড়া: রাইপুরের হলুদকানালিতে ১০০ শয্যার হাসপাতাল তৈরির জন্য ১ কোটি ৪২ লক্ষ টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাইপুরের বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ মাঠে বাঁদনা পরব উদযাপনে অংশ নিয়ে একথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর ওই ঘোষণায় ব্যাপক খুশি হলুদকানালির বাসিন্দা সহ জঙ্গলমহলের বাসিন্দারাও। বাঁদনা পরব উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এলাকার বাসিন্দাদের কাছে জানতে পেরেছি, ২০০৪ সালে তৈরি হওয়া ১০ শয্যা বিশিষ্ট হলুদকানালী হাসপাতালটি তৃণমূলের আমলে ধ্বংস হয়ে গিয়েছিল। আমি এখানে আসার আগে স্বাস্থ্য সচিবের কাছে ১ কোটি ৪২ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে এসেছি। ওই টাকা দিয়ে হলুদকানালিতে ১০০ শয্যার হাসপাতাল সহ ডাক্তারদের কোয়ার্টার বানানোর প্রতিশ্রুতি দিচ্ছি। 

Advertisement

উল্লেখ্য, ২০০৪ সালে বাম আমলে হলুদকানালী›তে ১০ শয্যার হাসপাতাল তৈরি হয়। বর্হিবিভাগের পাশাপাশি অন্তর্বিভাগেও চিকিৎসা হতো। ওই সময় এই হাসপাতাল এলাকার মানুষের কাছে বিরাট ভরসাস্থলে পরিণত হয়েছিল। কিন্তু তৃণমূল আমলের শুরু থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা খারাপ হতে থাকে। বছর কয়েক আগে তৃণমূল জমানাতেই হাসপাতালের অন্তর্বিভাগের চিকিৎসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে টিম টিম করে হাসপাতালের বর্হিবিভাগটি টিকে আছে। একজন চিকিৎসক ও একজন নার্স সহ একজন অস্থায়ী কর্মী নিয়ে চলছে হাসপাতাল। মুখ্যমন্ত্রীর ঘোষণা প্রসঙ্গে হলুদকানালির বাসিন্দা ঘনশ্যাম দুলে বলেন, দারুণ খুশির খবর। হলুদকানালি হাসপাতালে অন্তর্বিভাগ বন্ধ হয়ে যাওয়াতে এলাকার বাসিন্দাদের রাইপুর ব্লক হাসপাতাল ও খাতড়া মহকুমা হাসপাতালে ছুটতে হত। হলুদকানালি হাসপাতালে ১০০ শয্যা ও পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ হলে বাসিন্দারা খুবই উপকৃত হবে। অন্যদিকে হলুদকানালির পার্শ্ববর্তী গ্রাম ধডাঙ্গার গ্রামের বাসিন্দা প্রবীর মাহাতো বলেন, আমাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছিল হলুদকানালী হাসপাতাল। কিন্তু অন্তর্বিভাগ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিল এলাকাবাসী। বর্তমানে কেউ অসুস্থ হলে বাধ্য হয়ে রাইপুর ও খাতড়া হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে সময় ও টাকা দুটোই ব্যয় হয়। মুখ্যমন্ত্রী হলুদকানালিতে যে ১০০ শয্যার হাসপাতাল ও ডাক্তারদের কোয়ার্টার তৈরির প্রতিশ্রুতি দিলেন, তা শুনে খুবই খুশি হয়েছি। আমরা চাই খুব দ্রুত মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন হোক, তাহলেই আমাদের দুর্ভোগ কমবে।