সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ১০টি নতুন ডায়ালিসিস মেশিন বসানোর কাজ শেষ। চলতি মাসের ১৬ তারিখে রাজ্য স্বাস্থ্যদপ্তরের টেকনিক্যাল টিম আসবে হাসপাতালে। স্বাস্থ্যদপ্তরের ওই টিম মেশিনগুলি খতিয়ে দেখার পর মেশিন চালু করার ছাড়পত্র দেবে। এরপর থেকে পরিষেবার জন্য নতুন মেশিনগুলি চালু করা হবে। ডায়ালিসিস মেশিনে জল ব্যবহার করা হয়। সেই জলের নমুনা পরীক্ষার রিপোর্টও চলে এসেছে।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ৭৩ জন রোগী ডায়ালিসিস নিতে আসেন। কিন্তু পুরনো মেশিনগুলির একটি বাদে সবক’টি বিকল হয়ে আছে। বর্তমানে একটি মেশিন দিয়ে ১৫ জন রোগীকে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হচ্ছে। বাকি ৫৮ জন রোগীকে ডায়ালিসিসের জন্য কোচবিহার, ফালাকাটা ও দিনাহাটা হাসপাতালে পাঠানো হচ্ছে। জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০টি নতুন ডায়ালিসিস মেশিন চালু হয়ে গেলে বাইরের হাসপাতালে পাঠানো ওই ৫৮ জন রোগী আগের মতো আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পরিষেবা নেওয়ার জন্য আসতে পারবেন।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, হাসপাতালে ১০টি নতুন ডায়ালিসিস মেশিন বসানোর কাজ শেষ। মেশিনগুলির জলের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছিল। রিপোর্ট চলে এসেছে। ১৬ জুন স্বাস্থ্যভবন থেকে টেকনিক্যাল টিম এখানে আসবে। ওই টেকনিক্যাল টিম ছাড়পত্র দিলে ওই দিন থেকেই মেশিনগুলি চালু করে দেব আমরা।
জেলা হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মণ্ডল বলেন, নতুন মেশিনগুলি চালু হওয়ার পর অন্য হাসপাতালে রেফার করা ৫৮ জন রোগী আগের মতোই আমাদের এখান থেকে চাইলে পরিষেবা নিতে পারবেন। ডায়ালিসিস মেশিন বসানোর কাজ খতিয়ে দেখছেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। - ফাইল চিত্র।