বিশেষ সংবাদদাতা, ইম্ফল: অসম রাইফেলসের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ১০ জঙ্গি। বুধবার মণিপুরের চান্দেল জেলায় জঙ্গি উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। ঘিরে ফেলা হয় জঙ্গল। জওয়ানরা কাছাকাছি পৌঁছতেই জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা হামলায় ১০ জনকে নিকেশ করেন বাহিনীর জওয়ানরা। রাজধানী ইম্ফল থেকে ১৩০ কিলোমিটার দূরে মায়ানমারের সীমান্তঘেঁষা এলাকায় শুরু হয়েছিল এই অভিযান। পুরোভাগে ছিল অসম রাইফেলস। গুলির লড়াইয়ের পর এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বাহিনীর অভিযান এখনও জারি। কোহিমায় প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকালেও অভিযান চলছে এবং এটি শেষ হলেই আরও তথ্য সামনে আসবে।’ সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার সোশ্যাল মিডিয়ায় জানান, সশস্ত্র জঙ্গিদের গতিবিধি সম্পর্কে গোপন তথ্য এসেছিল। তার ভিত্তিতে ভারত-মায়ানমার সীমান্তে চান্দেলের খেংজয় তহসিলের নিউ সামতাল গ্রামে স্পিয়ার কর্পসের অধীনে অসম রাইফেলস-এর একটি দল বুধবার অভিযানে নামে। তখনই জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই হয়। অভিযানে ১০ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে।



