Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বসিরহাটে ১০ শয্যার ডায়ালিসিস ইউনিট, কাল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের মুকুটে নতুন পালক

বসিরহাটে ১০ শয্যার ডায়ালিসিস ইউনিট, কাল উদ্বোধন মুখ্যমন্ত্রীর
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের মুকুটে নতুন পালক। প্রায় এক কোটি টাকা ব্যয়ে এখানে পিপিপি মডেলে ১০ শয্যার ডায়ালিসিস ইউনিট চালু হবে। আগামী কাল, মঙ্গলবার ভার্চুয়ালি এই ইউনিটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মোবাইল ফুড টেস্টিং ল্যাবেরও উদ্বোধন করবেন তিনি।

Advertisement

একটা সময় বসিরহাটের মানুষকে চিকিৎসার জন্য যেতে হতো কলকাতা বা বারাসতে। ফলে, সমস্যায় পড়তে হয় রোগীর পরিবারকে। রাজ্যে পালাবদলের পর চিকিৎসা পরিষেবায় প্রভূত উন্নতি হয়েছে বসিরহাটে। আগে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঁচটি বেড ছিল ডায়ালিসিসের জন্য। ফলে সমস্যায় পড়তে হতো অন্যান্য রোগীদের। অনেক রোগীকেই অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হতো। খরচ হতো গাঁটের কড়ি। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদনের প্রেক্ষিতে পাঁচ থেকে বাড়িয়ে দশ শয্যার ডায়ালিসিস ইউনিট তৈরি হয়েছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এর জন্য খরচ হয়েছে প্রায় এক কোটি টাকা। হাসপাতালের প্রসূতি বিভাগের পাশেই তৈরি হয়েছে এই ইউনিট। মঙ্গলবার বীরভূম থেকেই মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করবেন।
বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। মানুষের কথা ভেবেই ১০ বেডের ডায়ালিসিস ইউনিট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে স্থানীয় বাসিন্দা সংগ্রাম সরকার বলেন, মুখ্যমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ। বেডের জন্য আর বাইরে যেতে হবে না।
এদিকে, খাবারের গুণগত মান নিয়ে বেশ কিছুদিন ধরে অভিযোগ উঠছিল বসিরহাট হাসপাতালে। তাই খাবারের মান পরীক্ষার জন্য মোবাইল ফুড টেস্টিং ল্যাবের উদ্বোধন হবে ওইদিন। ফলে, খাদ্যদপ্তর আচমকা হোটেল ও রেস্তরাঁয় হানা দিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ