নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের নওদায় ফসলের ক্ষতি ঘিরে সংঘর্ষের জেরে গুলি চলল। বৃহস্পতিবার সকালে আজিজ মণ্ডল নামে এক যুবক গুলিবিদ্ধ হন। জখম অবস্থায় তাঁকে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতের নাম লালচাঁদ মণ্ডল।
অতিরিক্ত পুলিস সুপার(সদর) মাজিদ ইকবাল খান বলেন, মাঠের ফসল নিয়ে দু’পক্ষের মধ্যে সমস্যা হয়। সেখানেই গুলি চলেছে। আমরা মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তিনজন জখম হয়েছে। তার মধ্যে একজনের পায়ে গুলি লেগেছে। তাঁদের সবার অবস্থা স্থিতিশীল।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, নওদার বালি-২ পঞ্চায়েতের কোদালকাটি এলাকায় এদিন সকাল ৮টা নাগাদ দু’পক্ষের সংঘাতে অশান্তি ছড়ায়। আজিজ মণ্ডল নিজের চাষের জমিতে যাচ্ছিলেন। পাশেই অন্য একজনের পাটের জমির উপর দিয়ে যাওয়ার সময় ফসলের কিছু ক্ষতি হয়। এনিয়ে দুই জমি মালিকের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ বাড়লে আরও লোকজন সেখানে জড়ো হয়। বচসা চরমে উঠলে মারামারি শুরু হয়। তখনই হঠাৎ গুলি চলে। আজিজ গুলিবিদ্ধ হন। বাকি দু’জনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। এদিন ওই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর জখমদের মুর্শিদাবাদ মেডিক্যালে পাঠানো হয়েছে। যে তিনজন মেডিক্যালে ভর্তি রয়েছেন, তাঁরা ছাড়াও বেশ কয়েকজন সামান্য জখম হন। তাঁদের আমতলা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।