Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনের ঘটনায় ধৃত আরও ১

সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনের ঘটনায় ধৃত আরও ১
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিসের সিট। ধৃতের নাম একবর শেখ। তার বাড়ি সামশেরগঞ্জ থানার শুলিতলা গ্রামে। ঝাড়খণ্ডের গোড্ডা থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়ে ছিল। এনিয়ে বাবা-ছেলে সহ জোড়া খুনের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করল সিট। 

Advertisement

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল জাফরাবাদে বাড়ির সামনে খুন হন বাবা-ছেলে। তারপর থেকে পুলিস তদন্ত শুরু করলে ঝাড়খণ্ডে পালিয়ে যায় এই অভিযুক্ত। সেখানে পরিচয় ভাঁড়িয়ে সে থাকছিল বলে দাবি পুলিসের। জঙ্গিপুরের পুলিস সুপার অমিতকুমার সাউ বলেন, আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় রাজ্য পুলিসের গঠিত সিট তদন্ত করছে। রাজ্য পুলিসের বিভিন্ন ইউনিটের বাছাই করা অফিসারদের নিয়ে ওই সিট গঠন করা হয়েছে। সামশেরগঞ্জের ঘটে যাওয়া বিভিন্ন হিংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
এপর্যন্ত যাদের ধরা হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগ অভিযুক্তই শুলিতলা গ্রামের। ধৃত দিঘরি গ্রামের দুই বাসিন্দা সম্পর্কে দুই ভাই বলে জানা গিয়েছে। এছাড়া বাকি ৯ ধৃতের বাড়ি শুলিতলা গ্রামে। দু’টি গ্রামই জাফরাবাদের ৫০০ মিটারের মধ্যে। ঘটনার পর সকলেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তাদের ফোন ট্র্যাক করে কাউকে ধরা হয় হাওড়া থেকে, কাউকে চোপড়া থেকে, কাউকে ভিনরাজ্য থেকে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিস জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ