নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলায় অভিযোগকারী যুবককে বারাকপুরের ক্যান্টনমেন্ট এলাকায় সেনা ছাউনির আশপাশে ঘোরানো হয়েছিল গাড়িতে করে। হেস্টিংস থানায় দায়ের হওয়া ওই মামলাটি বুধবার ব্যাঙ্কশাল কোর্টে উঠলে সরকারি আইনজীবী বলেন, বিশ্বাস অর্জনের জন্যই ওই যুবককে সেনা ছাউনি এলাকায় ঘোরানো হয়েছিল। এই চক্রে যুক্ত থাকার অভিযোগ ওঠে সেই গাড়ির চালক অভিষেক রায়ের বিরুদ্ধে। মূল অভিযুক্ত মহম্মদ শাহবাজের গাড়ি চালাচ্ছিল সে। ওই যুবককে ওই এলাকায় বেশ কয়েকবার ঘুরিয়ে ফের টাকা দাবি করে অভিযুক্ত। তখনই তিনি বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। এরপরই তিনি পুলিসে অভিযোগ দায়ের করেন। এদিন অভিষেককে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন ধৃতের পক্ষ থেকে জামিনের আর্জি জানানো হলেও আদালত তা নাকচ করে দেয়।



