বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত ১, চাঞ্চল্য
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৯:২৮
Prefer us on Google

উত্তরপ্রদেশ, ৮ নভেম্বর: উত্তরপ্রদেশের কানপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫৫ বছর বয়সি এক ব্যক্তির। গতকাল রাতে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি বিলাসবহুল গাড়ির ধাক্কায় প্রাণ হারান স্কুটার আরোহী সন্তোষ কুমার সিং চৌহান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন দুই মহিলা। তাঁরাই গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে বিলাসবহুল গাড়িটি প্রথমে রাস্তার একাধিক ব্যক্তিকে ধাক্কা মারে। এরপর সন্তোষের ইলেকট্রিক স্কুটারে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার অভিঘাতে স্কুটারটিকে প্রায় ২৫ থেকে ৩০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ওই গাড়িটি। শেষে রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্তোষের। অভিযোগ, দুর্ঘটনার পর গাড়িতে থাকা দুই মহিলা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। গাড়ির পিছনে এক কোম্পানির নাম লেখা ছিল বলে জানা গিয়েছে। এরপর স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি শনাক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে। এসিপি জানিয়েছেন, দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে।