Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মিরিকে পাহাড়ি রাস্তা পেরতে গিয়ে গভীর খাদে গাড়ি, মৃত ১

রাস্তা থেকে ছিটকে একের পর এক গাছ ভেঙে গাড়িটি ১০০ ফুট গভীর খাদে পড়ে।

মিরিকে পাহাড়ি রাস্তা পেরতে গিয়ে গভীর খাদে গাড়ি, মৃত ১
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং ও নকশালবাড়ি: পাহাড়ি রাস্তা। একদিকে পাহাড়, অন্যদিকে খাদ। বেপরোয়াভাবে ঢাল রাস্তার বাঁক অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই ছোট গাড়ি। রাস্তা থেকে ছিটকে একের পর এক গাছ ভেঙে গাড়িটি ১০০ ফুট গভীর খাদে পড়ে। শনিবার সকালে ঘটনাটি ঘটে মিরিক থানার গয়াবাড়িতে। এই ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ির এক যাত্রীর। চালক সহ ১১জন জখম। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের গাফিলতিতেই এমন দুর্ঘটনা ঘটছে বলে পুলিসের সন্দেহ। খবর জানাজানি হতেই সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লাকপা তারগে শেরপা (৫৫)। সুখিয়াপোখড়িতে তাঁর বাড়ি। অতিরিক্ত পুলিস সুপার (কার্শিয়াং) অভিষেক রায় বলেন, মৃত যাত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জখমদের চিকিৎসা শুরু হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। গুরুত্ব দিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এদিন সকালে সুখিয়াপোখড়ি থেকে মিরিক হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয় যাত্রী বোঝাই ছোট গাড়িটি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িতে চালক সহ ১১জন যাত্রী ছিল। অধিকাংশই সুখিয়াপোখরির বাসিন্দা। তাঁদের মধ্যে দু’জন মহিলা ও ন’জন পুরুষ। সকাল ১০টা নাগাদ গয়বাড়িতে একটি বাঁক অতিক্রম করার চেষ্টা করে গাড়িটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মূল রাস্তা থেকে ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে মিরিক থানা ও পানিঘাটা ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের সহযোগিতায় মৃত যাত্রী ও আহতদের উদ্ধার করে পুলিস। প্রথমে তাঁদের সুকনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জখম সাতজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, গাড়িটি প্রচণ্ড গতিতে ছুটছিল। বাঁক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাহাড়ের ঢালে পর পর বেশ কিছু গাছ ১০০ ফুট নীচে পড়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে চা বাগানের কাজ ফেলে দিয়ে উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়ি।
শুধু চা বাগানের শ্রমিকরাই নন, সংশ্লিষ্ট রুটের অন্যান্য যাত্রীবাহী ও পর্যটক বোঝাই গাড়িও রাস্তায় দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে নেমে পর্যটক ও যাত্রীরা উদ্ধার কাজে নামেন। এতে গোটা রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, রাস্তাটি সংকীর্ণ। তাই বাঁকটিতে গতি কমিয়ে যানবাহন চলাচল করাই নিয়ম। তা সত্ত্বেও গাড়িটি বেপরোয়াভাবেই ছুটছিল। চালকের গাফিলতিতেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে সন্দেহ। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ