নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর-পশ্চিম সীমান্তে সংঘর্ষের আবহে পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট করায় হাফিজুল মণ্ডল ওরফে মন্টুকে গ্রেপ্তার করল আমডাঙা থানার পুলিস। তার বাড়ি আমডাঙার খেলিয়া গ্রামে। রবিবার, তাকে বারাসত আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতের অ্যান্ড্রয়েড ফোনটি পুলিস বাজেয়াপ্ত করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্টু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে ওঠে। পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল সাইটের সে ফলোয়ার। পাকিস্তানের বেশ কিছু ছবি এবং ভিডিও তার কাছে এসেছিল। সে সব পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও শেয়ার করে মন্টু। বিষয়টি নজরে আসায় প্রতিবেশীরা সেগুলি ‘ডিলিট’ করতে বললেও তাতে সে কর্ণপাত করেনি। উল্টে পাকিস্তানের হয়ে সাফাই গেয়ে হম্বিতম্বি করতে থাকে। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় আমডাঙা থানার পুলিস। স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। এসআই আসিফ মণ্ডলের নেতৃত্বে শনিবার রাতভর অভিযান চালানোর পর রবিবার কাকভোরে মন্টুকে পুলিস পাকড়াও করে।



