সংবাদদাতা, তারকেশ্বর: ইমারতি সামগ্রী বিক্রি বাবদ পাওনা টাকা হাতানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিস। ধৃতের নাম আরমান খান। বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায়। তারকেশ্বর থানার রামনারায়ণপুরের শ্যামলকুমার মান্নার ইমারতি দ্রব্যের দোকান আছে। ওই দোকানে বালি সরবরাহ করেন আরামবাগের ব্যবসায়ী সুদর্শন ঘোষ। বালির মূল্য হয় ৩০ হাজার টাকা। সেই টাকা দাবি করে এক ব্যক্তি ফোন করে দোকানে। শ্যামলবাবু টাকা অনলাইনে তাকে পাঠিয়ে দেন। পরবর্তী সময়ে সুদর্শন ঘোষ এই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, অন্য কেউ সেই টাকা নিয়ে নিয়েছে। এই ধরনের ঘটনা গোঘাট থানা এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় ঘটেছে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ১৭ জুন তারকেশ্বর থানায় অভিযোগ জানান তিনি। তদন্ত শুরু করে তারকেশ্বর থানার পুলিস। মঙ্গলবার কোতুলপুর থেকে আরমান খান নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে তারকেশ্বর থানা। এই ঘটনার সঙ্গে বড় চক্র জড়িত আছে অনুমান পুলিসের। নিজস্ব চিত্র



