Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিপর্যয়ে ভেঙে যাওয়া বাড়ি নির্মাণে ১ লক্ষ ২০ হাজার, পাহাড়-ডুয়ার্সের দুর্গত এলাকা নিয়ে সিদ্ধান্ত রাজ্যের

অতিবৃষ্টি ও ধসে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে দার্জিলিং, কালিম্পং সহ প্রায় সমগ্র উত্তরবঙ্গ। প্রবীণরাও মনে করতে পারছেন না, প্রকৃতির এরকম তাণ্ডব আগে দেখেছেন কি না!

বিপর্যয়ে ভেঙে যাওয়া বাড়ি নির্মাণে ১ লক্ষ ২০ হাজার, পাহাড়-ডুয়ার্সের দুর্গত এলাকা নিয়ে সিদ্ধান্ত রাজ্যের
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা:

Advertisement

অতিবৃষ্টি ও ধসে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে দার্জিলিং, কালিম্পং সহ প্রায় সমগ্র উত্তরবঙ্গ। প্রবীণরাও মনে করতে পারছেন না, প্রকৃতির এরকম তাণ্ডব আগে দেখেছেন কি না! দুর্যোগ থামতেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে বিপর্যয় মোকাবিলার কাজ তদারকি করেছেন। ফের তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে। ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন, এই বিপর্যয়ে যাঁদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের নতুন করে বাড়ি নির্মাণ করতে সবরকম সহায়তা করবে তাঁর সরকার। কী ধরনের সহায়তা? প্রশাসনের শীর্ষ মহলের খবর, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কারও বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলে তাঁকে ১ লক্ষ ২০ হাজার টাকা দেবে নবান্ন। উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্তরা বাড়ি পুনর্নির্মাণের টাকা পাবেন এই হারেই। বিপর্যয় মোকাবিলার জন্য বরাদ্দ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে।   
আগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কোনও পাকা বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে ৩৫ হাজার টাকা, কাঁচা বাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গেলে ২০ হাজার টাকা করে দেওয়া হতো। এখন থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের সরকার আবাস যোজনার টাকা রাজ্যকে না দেওয়ায় বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছেন। সেক্ষেত্রেও এই পরিমাণ টাকাই বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের দেওয়া হয়েছে। কিন্তু কেন টাকার পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত নিল নবান্ন? প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ২০ হাজার হোক বা ৩৫ হাজার—বাড়ি পুনর্নির্মাণের জন্য তা একেবারেই যথেষ্ট নয়। তাছাড়া, বিগত দিনে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে তৈরি করে দেওয়ার নজির রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এই সিদ্ধান্তে এসেছে রাজ্য সরকার। 
বর্তমানে উত্তরবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণের হিসেব কষছে জেলা প্রশাসন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের পাঁচ জেলায় (দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং) ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজার ৬২টি বাড়ি। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ৬ হাজার ৫টি বাড়ি। ব্যাপকভাবে (সিভিয়ারলি ড্যামেজড) ক্ষতিগ্রস্ত ৯৭১টি এবং আংশিক (পার্টলি ড্যামেজড) ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ৫ হাজার ৮৬। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও ব্যাপকভাবে এবং আংশিক ক্ষতিগ্রস্ত ঘরের জন্য কত টাকা দেওয়া হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। প্রসঙ্গত, এখন প্রাকৃতিক বিপর্যয়ে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতির জন্য দেওয়া হয় পাঁচ হাজার টাকা। এর পাশাপাশি, অন্যান্য বেশ কিছু ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক নিয়ে প্রশাসনের অন্দরে আলোচনা চলছে। শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব এসব বিষয় নিয়েই জেলাশাসকদের সঙ্গে আলোচনা করেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ