Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুরির উদ্দেশ্যে টিনের শেডে? বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

অভিযোগ, চুরি করতে বাড়ির শেডে উঠে বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুরির উদ্দেশ্যে টিনের শেডে? বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। অভিযোগ, চুরি করতে বাড়ির শেডে উঠে বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে দেগঙ্গার হামাদামায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম অভিজিৎ লাহা (২৮)। সোমবার সকালেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।

Advertisement

জানা গিয়েছে, দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের হামাদামা এলাকায় একটি আলমারি কারখানা আছে। কারখানার গায়েই রয়েছে মালিকের বাড়ি। বাড়ির পিছনের অংশে টিনের ছাউনি রয়েছে। অভিযোগ, সেই ছাউনির উপর উঠে কারখানা মালিকের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল অভিজিৎ। টিনের শেডের উপরেই ছিল বিদ্যুতের তার। অনুমান, সেই তারের সংস্পর্শে এসেই মৃত্যু হয়েছে অভিজিতের। সকালে কারাখানা সংলগ্ন রাস্তা দিয়ে কয়েকজন চাষি মাঠে যাওয়ার সময় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। হাইটেনশন বিদ্যুতের তারে মাথার চুল আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিস জানিয়েছে, মৃতের বাড়ি হুগলির ডানকুনিতে। দেগঙ্গায় বিয়ে করে সে সেখানেই থাকত ভাড়া বাড়িতে। কখনও রাজমিস্ত্রির কাজ করত, কখনও গাড়িও চালাত। কিন্তু, রাতের দিকে চুরি করত বলেই অভিযোগ স্থানীয়দের। অটোচালক আমিরুল মণ্ডল বলেন, রবিবার সন্ধ্যায় দিকেও অভিজিতের কাছে চার-পাঁচটা মোবাইল ফোন দেখেছি। রাতে ওই কারখানা মালিকের বাড়িতে চুরি করতে গিয়েই এই বিপত্তি ঘটে। মৃতের শ্বশুর মোশারফ মল্লিক বলেন, জামাই প্রচুর নেশা করত। হেরোইন, মদ, গাঁজা খেত। নেশার টাকা জোগার করতেই হয়তো এসব করত। কারখানার মালিক বলেন, বাড়ির জানালা দিয়ে ছাদে উঠে আমার বাড়িতে চুরির উদ্দেশ্য ছিল।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ