নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বাড়িতে পাথর ছোঁড়ার প্রতিবাদ করে নেশাগ্রস্তের হাতে মার খেলেন এক গৃহবধূ ও তাঁর কলেজ পড়ুয়া মেয়ে। অভিযোগ, বাড়িতে ঢুকে মারধর করে এক নেশাগ্রস্ত। তাতেই গুরুতরভাবে জখম হন বধূ। ভর্তি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কপালে আঘাত লেগেছে তাঁর মেয়েরও। আর এই অভিযোগকে কেন্দ্র করে শনিবার রাতে রায়গঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ কলোনিতে ছড়ায় চাঞ্চল্য। আতঙ্কে রয়েছে পরিবারটি। শেষমেশ রায়গঞ্জ থানার পুলিস ১ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, শনিবার রাতে নিগৃহীত পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়। যার ভিত্তিতে পুলিস অয়ন সরকার নামে একজনকে গ্রেপ্তার করেছে। যদিও এই ঘটনার ব্যাপারে বিন্দুবিসর্গ কিছুই জানেন না ২২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তপন দাস। তাঁর বক্তব্য, এলাকায় কোনও নেশাগ্রস্তের উপদ্রব প্রসঙ্গে আমার কিছু জানা নেই। তবে শহরে নেশাগ্রস্তদের উপদ্রব প্রতিরোধ করতে প্রকাশ্যে নেশার সামগ্রী বিক্রি বন্ধ করুক পুলিস প্রশাসন।



