নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনার শিকার হলেন এক চাকরিপ্রার্থী তরুণী। সল্টলেকগামী ফ্ল্যাঙ্কে কোহিনুর মার্কেটের কাছে একটি অ্যাপ বাইক আচমকা নিয়ন্ত্রণ হারালে চালক ও পিছনের সিটে বসা ইন্টারভিউ দিতে যাওয়া তরুণী ছিটকে পড়ে গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিস। লালবাজার জানিয়েছে, আহত বাইক চালকের নাম আকাশ পোদ্দার (৩৮)। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে তিনি ভর্তি। অন্যদিকে, আরোহীর নাম আর্য্য ভারতী (২৭)। তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিস সূত্রের দাবি, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সকাল ৯টা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভে একটি নামী বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ছিল আর্য্যর। হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা তিনি। সেখান থেকেই অ্যাপ বাইক বুক করেছিলেন তরুণী। দ্বিতীয় হুগলি ব্রিজ টপকে এজেসি বোস ফ্লাইওভার ও পরে মা ফ্লাইওভারে ওঠে বাইকটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারের একেবারে বাঁদিক চেপে বাইক চালাচ্ছিলেন চালক। ওই অবস্থায় বাঁদিক দিয়ে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই বিপত্তি ঘটে। প্যানিক ব্রেক কষায় ছিটকে পড়েন চালক। রেলিংয়ে ধাক্কা লাগে। মাথার হেলমেট খুলে ব্রিজ থেকে নীচে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে দুই যাত্রীই পড়েন ব্রিজের উপর। রক্তে ভেসে যায় পিচের রাস্তা। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ইস্ট ট্রাফিক গার্ড ও তপসিয়া থানার পুলিস। পুলিসের অ্যাম্বুলেন্সে করেই দু’জনকে হাসপাতালে পাঠানো হয়।