Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, প্রকাশ্যে জুতোপেটা যুবককে

বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, প্রকাশ্যে জুতোপেটা যুবককে
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করার অভিযোগে প্রকাশ্যে এক যুবককে জুতোপেটা করলেন নিগৃহীতার বোন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে। নিগৃহীতার বোনের দাবি, ওই যুবক বিবাহিত। পাঁচবছর আগেই বিয়ে হয়েছে। একটি সন্তানও রয়েছে। অথচ তাঁর দিদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ছয় মাস ধরে সহবাস করেছে। ধরা পড়ে যাওয়ার পর অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করে। তাই মঙ্গলবার তাকে সামনে পেয়ে প্রকাশ্যে জুতোপেটা করা হয়। যদিও এই ঘটনায় এখনও শান্তিনিকেতন থানায় কোনও অভিযোগ হয়নি বলে জানা গিয়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি কলকাতায়। সে রাজমিস্ত্রি ও স্যাটারিংয়ের কাজ করে। কর্মসূত্রে বোলপুরের জামবুনিতে ভাড়া থাকত। বোলপুর-শান্তিনিকেতনে যাতায়াতের সুবাদে পূর্বপল্লির ওই যুবতীর সঙ্গে তার পরিচয় হয়। ওই যুবক নিজেকে অবিবাহিত হিসেবে পরিচয় দেয়। সেই পরিচিতি ক্রমেই ঘনিষ্ঠ সম্পর্কে মোড় নেয়। যুবক নিয়মিত হোটেল ও রেস্টুরেন্টে ওই যুবতীকে নিয়ে যেত। এরপরেই ওই যুবক গত ছ’ মাস ধরে শান্তিনিকেতনের ওই যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। কিন্তু পরে জানা যায়, যুবক বিবাহিত ও তার একটি সন্তান রয়েছে। একথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে যুবতীর পরিবার। ওই যুবককে ডাকে যুবতীর পরিবার। কিন্তু নিগৃহীতা ও তার বোনের সঙ্গে বাদানুবাদ শুরু করে ওই যুবক। তাতেই ক্ষিপ্ত হয়ে পায়ের জুতো খুলে প্রকাশ্যে ওই যুবককে মারতে শুরু করেন নিগৃহীতার বোন। প্রায় ১৫ মিনিট ধরে চলে মারধর। ঘটনার কথা জানতে পেরে সেখানে উপস্থিত হয় শান্তিনিকেতন থানার পুলিস। ঘটনা প্রসঙ্গে নিগৃহীতার বোন বলেন, যুবক নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে আমার দিদিকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। দিনের পর দিন সহবাস করে। দিন কয়েক আগে আমরা জানতে পেরেছি, ওর স্ত্রী ও পুত্র রয়েছে। এখন আমার বোনের কী হবে? আমরা এর উপযুক্ত ক্ষতিপূরণ চাই। বিবাহিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও যুবকের পাল্টা দাবি ওই যুবতীই তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করেছিল। যদিও বিবাহিত হয়েও সম্পর্কে কেন এগলেন এ প্রশ্নের উত্তর যুবক দিতে পারেননি। শান্তিনিকেতন থানার এক আধিকারিক বলেন, কোনও অভিযোগ হয়নি। অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ