সংবাদদাতা, বনগাঁ: বাড়ির পাশে নির্মীয়মাণ বাড়ির সামনে উদ্ধার হল শ্রমিকের মৃতদেহ। নাম বিপুল বালা (৫৬)। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চিকনপাড়া এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। কর্মসূত্রে তিনি মহারাষ্ট্রে থাকতেন। দু’দিন আগেই বাড়ি এসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। শুক্রবার বাড়ির পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।



